ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

খালেদা জিয়ার ওপর চিকিৎসা সন্ত্রাস চলছে: রিজভী

খালেদা জিয়ার ওপর চিকিৎসা সন্ত্রাস চলছে: রিজভী
×

রুহুল কবির রিজভী- ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০১৯ | ০৯:২৯

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ওপর চিকিৎসা সন্ত্রাস চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, খালেদা জিয়াকে বিনা অপরাধে ৬৮৫ দিন ধরে বন্দি করে নির্যাতন করা হচ্ছে। গুরুতর অসুস্থ হলেও তাকে সুচিকিৎসা দেওয়া হচ্ছে না। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তার সুচিকিৎসা ও ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানালেও তাতে কর্ণপাত করছে না সরকার। খালেদা জিয়ার ন্যায্য জামিনে বাধা দেওয়া হচ্ছে। এখন তার ওপর চলছে রীতিমতো চিকিৎসা সন্ত্রাস।

মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এসব বলেন।

তিনি বলেন, খালেদা জিয়া কেমন আছেন, তাকে নিয়ে কী করা হচ্ছে- কিছুই জানতে দেওয়া হচ্ছে না। শুধু বিএনপি নয়, পুরো দেশবাসী খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা ও নিয়মিত ওষুধ সেবনে কোনো কারসাজি করা হচ্ছে কিনা তা নিয়ে আশঙ্কায় আছেন, চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় আছেন।

কীভাবে চিকিৎসা সন্ত্রাস চলছে তার ব্যাখ্যায় রিজভী বলেন, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক শামীম ও মামুনকে যেতে দেওয়া হচ্ছে না। তার যে কী চিকিৎসা হচ্ছে, সেটা কোনোভাবে জানা যাচ্ছে না। তারপর নিয়মিত যে চিকিৎসকরা তার চিকিৎসা দেবেন, সেটা করা হচ্ছে না। দেশে সংখ্যালঘু নির্যাতনে বিএনপিকে জড়িয়ে বক্তব্য দেওয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমালোচনা করেন রিজভী। 

তিনি আরও বলেন, ওবায়দুল কাদের এমন এক সময় এ কথা বলেছেন যখন নাগরিকত্ব আইন ও নাগরিকপঞ্জি নিয়ে সারা ভারতে তোলপাড় চলছে। সেখানে মুসলিমদের রাষ্ট্রহীন করে বাংলাদেশে পুশইন করার একটা গভীর মাস্টারপ্ল্যান অনুযায়ী কাজ হচ্ছে। বাস্তবতা হলো- ভারতে নাগরিকত্ব আইন এবং নাগরিকপঞ্জি দ্বারা মুসলিম খেদাও অভিযানের বিরুদ্ধে স্বয়ং ভারতের জনগণসহ বিশ্ববাসী যখন সোচ্চার, তখন বিএনপির বিরুদ্ধে কুৎসা রটনা করে আওয়ামী লীগ নেতারা দুটি গণবিরোধী আইনকেই বৈধতা দিয়েছেন, ওই দুই আইনের পক্ষে দাঁড়িয়েছেন।

সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, আবদুল খালেক প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×