ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

সিটি নির্বাচনে হারলে মেনে নেব: নাসিম

সিটি নির্বাচনে হারলে মেনে নেব: নাসিম
×

মোহাম্মদ নাসিম- ফাইল ছবি

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০১৯ | ০৯:৩২ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৯ | ১০:১৮

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, সিটি নির্বাচনে হারজিত মেনে নেবে আওয়ামী লীগসহ আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। আওয়ামী লীগ জনগণের দল, নির্বাচনে জনগণের কাছে যাবে। জনগণের রায় মেনে নেবে। নির্বাচনে হেরে গেলে কোনো দল কারচুপির অজুহাত তুলে ষড়যন্ত্র করলে তা দেশের জনগণ মেনে নেবে না। বঙ্গবন্ধু শেখ মুজিবের হাতে গড়া সংগঠন আওয়ামী লীগ এ দেশের মানুষের অনুভূতির দল। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা অর্জন থেকে শুরু করে দেশের সব অর্জন আওয়ামী লীগের নেতৃত্বে অর্জিত হয়েছে। 

তিনি শুক্রবার বিকেলে সিরাজগঞ্জে দলের সদ্য প্রয়াত নেতা সিরাজুল ইসলাম খানের শোক ও স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও মুক্তিযোদ্ধা প্রবীণ জননেতা সিরাজুল ইসলাম খানের মৃত্যুতে সিরাজগঞ্জ বাজার স্টেশন মুক্তির সোপানে জেলা আওয়ামী লীগ আয়োজিত এ স্মরণসভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস। সভায় প্রধান বক্তা ছিলেন দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি। বক্তব্য দেন- আব্দুল মমিন মণ্ডল এমপি, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সাংবাদিক আমিনুল ইসলাম চৌধুরী, মুক্তিযুদ্ধকালীন রণাঙ্গনের সাথী মেজর (অব.) মোজাফফর হোসেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু ইউসুফ সূর্য, অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান, অ্যাডভোকেট বিমল কুমার দাস, হাজি ইসহাক আলী, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা এবং সিরাজুল ইসলাম খানের ছেলে শাহনেয়াজ খান সুমন প্রমুখ।

আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে তৃতীয়বার সভাপতিমণ্ডলীর সদস্য মনোনীত হওয়ার পর শুক্রবার বিকেলে মোহাম্মদ নাসিম ঢাকা থেকে সিরাজগঞ্জে আসার পথে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ের গোলচত্বরে পৌঁছলে দলের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। স্মরণসভা শেষে মোহাম্মদ নাসিম কাজীপুর আসার পথে কাঠেরপুল, রহমতগঞ্জ, ছোনগাছা, পিপুলবাড়িয়া ও রতনকান্দিতে নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান।

আরও পড়ুন

×