ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

২০ দলীয় জোটের আগাম সমর্থন

মেয়র পদে বিএনপি থেকে মনোনয়ন চেয়েছেন ৩ জন

মেয়র পদে বিএনপি থেকে মনোনয়ন চেয়েছেন ৩ জন
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০১৯ | ০৯:৫০

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার প্রত্যাশায় মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির তিন মেয়র প্রার্থী। শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তারা মনোনয়নপত্র জমা দেন। সমর্থক নেতাকর্মীদের নিয়ে তারা এ মনোনয়নপত্র জমা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে।

মনোনয়নপ্রত্যাশী এ তিনজনের মধ্যে বিএনপির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন ও নির্বাহী সদস্য তাবিথ আউয়াল উত্তর সিটি করপোরেশনের জন্য এবং প্রকৌশলী ইশরাক হোসেন দক্ষিণ সিটি করপোরেশনের জন্য মনোনয়নপত্র জমা দেন। এর আগে বৃহস্পতিবার তারা দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন। শুক্রবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন বোর্ডের কাছে তাদের সাক্ষাৎকার রয়েছে। এর পরই দলের চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে।

সিটি নির্বাচনকে সামনে রেখে দলের স্থায়ী কমিটির দুই সদস্যকে প্রধান করে দুই সিটির নির্বাচনী প্রচারণা ও তদারকির জন্য পৃথক কমিটি গঠন করেছে বিএনপি।

গত তিন দিনে দুই সিটিতে কাউন্সিলর পদে মোট ৪৭৬টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। জমাও পড়েছে ৪৭৬টি। এর মধ্যে উত্তরের ৫৪টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১৬২ এবং ১৮টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদের বিপরীতে ৩৪টি মনোনয়নপত্র জমা পড়েছে। দক্ষিণের ৭৫টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২২০টি ও ২৫টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থীদের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে ২০ দলীয় জোট। শুক্রবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জোটের বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানান জোটের সমন্বয়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বৈঠকে সিটি নির্বাচন ছাড়াও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধ মঞ্চের আক্রমণ, ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করা হয়।

নজরুল ইসলাম খান বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোরজবরদস্তি করে সরকারি দলের প্রার্থীদের বিজয়ী করা হয়েছে। এই দিবসটির বর্ষপূর্তি উপলক্ষে ৩০ ডিসেম্বর ২০ দল ঢাকায় আলোচনা সভা করবে।

নজরুল ইসলাম জানান, ২০ দলের বৈঠকে ডাকসু ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে দোষীদের শাস্তি দাবি করা হয়েছে। দৈনিক সংগ্রাম অফিসে হামলা ও সম্পাদক আবুল আসাদের ওপর নির্যাতনের নিন্দাও জানানো হয়েছে।

তিনি বলেন, ২০ দলীয় জোট ২০২০ সালের ২৬ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করবে। এ উপলক্ষে ২০ দলীয় জোট একটি উপকমিটি করেছে। কমিটি সুবর্ণজয়ন্তীর কর্মসূচি নির্ধারণ করবে। ২০ দল ভারতের জাতীয় নাগরিকপঞ্জি নামে নতুন আইন প্রণয়নের সময় দেশটির সংসদে সেখানকার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবিশ কুমার বাংলাদেশ, বিএনপি এবং খালেদা জিয়া সম্পর্কে যে সাম্প্রদায়িক ও উস্কানিমূলক বক্তব্য দেন, ২০ দল তারও নিন্দা জানায়।

জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, অপর অংশের সদস্য সচিব শাহাদাত হোসেন সেলিম, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ ও জাগপার একাংশের সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান। জামায়াতে ইসলামীর কোনো প্রতিনিধি বৈঠকে না আসার বিষয়ে নজরুল ইসলাম খান বলেন, তারা ঢাকার বাইরে আছেন।

আরও পড়ুন

×