সরকার আরও হিংস্র হয়ে উঠছে: মির্জা ফখরুল
মির্জা ফখরুল ইসলাম আলমগীর -ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০১৯ | ১২:০৬
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, ক্ষমতাসীন সরকার দিনের পর দিন আরও হিংস্র হয়ে উঠছে। তারা দেশের আইন-কানুন তোয়াক্কা না করে কেবল হয়রানির উদ্দেশ্যে বিএনপি এবং বিরোধী দলগুলোর নেতাকর্মীদের জুলুম-নির্যাতন অব্যাহত রেখেছে।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এসব কথা বলেন। গত বৃহস্পতিবার ঢাকা মহানগর দক্ষিণের ২০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপনকে গ্রেপ্তারের প্রতিবাদে তিনি এ বিবৃতি দেন। রফিকুল ইসলাম স্বপন আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদের মনোনয়ন ফরম কিনেছেন। তাকে গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, এ ধরনের অমানবিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য বারবার সরকারের প্রতি আহ্বান জানালেও ক্ষমতা হারানোর ভয়ে তারা তাতে কর্ণপাত না করে আরও হিংস্র হয়ে উঠছে। রফিকুল ইসলাম স্বপনকে গ্রেপ্তারের মধ্য দিয়ে এটি আবার প্রমাণিত হলো, নির্বাচন নিয়ে বর্তমান সরকার তামাশা করবে।
- বিষয় :
- মির্জা ফখরুল ইসলাম আলমগীর
- বিএনপি
