ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

ঢাকার দুই সিটিতে আ'লীগের মেয়র প্রার্থী ঘোষণা রোববার

ঢাকার দুই সিটিতে আ'লীগের মেয়র প্রার্থী ঘোষণা রোববার
×

শনিবার রাতে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠকে সভাপতিত্ব করেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা -ফোকাস বাংলা

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৯ | ০৮:৩৯ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৯ | ১০:০০

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করা হবে রোববার। 

শনিবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠক শেষে দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এ তথ্য জানান।

ওবায়দুল কাদের বলেন, দুই সিটিতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বিষয়ে বিচার বিশ্নেষণ চলছে, পর্যালোচনাও চলছে। নেত্রী (শেখ হাসিনা) নিজের সোর্স থেকেও খোঁজ নিচ্ছেন, গোয়েন্দা সংস্থার রিপোর্ট নেওয়া হয়েছে। সবকিছু বিচার-বিশ্নেষণ করতে একটু সময় লাগছে। 

তিনি বলেন, রোববার সকাল ১১টায় দলীয় সভাপতির ধানমণ্ডির কার্যালয়ে উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর হিসেবে দল থেকে যাদের মনোনয়ন দেওয়া হয়েছে তাদের নাম ঘোষণা হবে।

অপরদিকে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপি দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে। ঢাকা উত্তর সিটিতে দলটির মনোনয়ন পেয়েছেন তাবিথ আউয়াল আর দক্ষিণে মনোনয়ন পেয়েছেন ইশরাক হোসেন।

এর আগে আওয়ামী লীগের ধানমণ্ডির সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে উত্তর ও দক্ষিণে ২০ জন মেয়র পদপ্রত্যাশি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তাদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৮ জন এবং উত্তর সিটিতে ১২ জন মেয়র পদপ্রার্থী ছিলেন। শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হয়ে শনিবার বিকেল ৫টায় মনোনয়ন ফরম বিতরণ ও জমাদানের কার্যক্রম শেষ হয়।

ঢাকার দুই সিটি কর্পোরেশনে আগামী ৩০ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। পুরো নির্বাচন অনুষ্ঠিত হবে ইভিএম পদ্ধতিতে।

আরও পড়ুন

×