সিটি নির্বাচন নিরপেক্ষ হবে: কৃষিমন্ত্রী
ফাইল ছবি
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৯ | ০৮:৪৩
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।
শনিবার দুপুরে টাঙ্গাইলের কুমুদিনী সরকারি কলেজের ৭৫ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত দু'দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বিএনপির উদ্দেশে আব্দুর রাজ্জাক বলেন, নির্বাচন যেন সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ হয়, সে ক্ষেত্রে আপনাদেরও দায়িত্ব রয়েছে। আগামী সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে- এ প্রতিশ্রুতি আমি সরকারের পক্ষ থেকে আপনাদের দিচ্ছি।
মন্ত্রী প্রশ্ন রেখে বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বলেছেন, বাংলাদেশে কোনো নির্ভরযোগ্য, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হবে না। তাহলে তারা নির্বাচনে আসবেন কেন?
মন্ত্রী বলেন, টাঙ্গাইলে একটি অর্থনৈতিক জোন তৈরি হবে। সেই অর্থনৈতিক জোনে শত শত বেকার যুবক কাজ পাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেন, দেশের পিছিয়ে থাকা নারী সমাজের উন্নয়নে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের নেতৃত্ব এখন আমাদের মা-বোনেরাই দিচ্ছেন।
টাঙ্গাইলের জেলা প্রশাসক শহীদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, সংসদ সদস্য ছানোয়ার হোসেন, সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনি, সংসদ সদস্য মমতা হেনা লাভলী, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, কুমুদিনী সরকারি কলেজের অধ্যক্ষ আবদুল মান্নান প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজের প্লাটিনাম জয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক নিগার আক্তার। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, কুমুদিনী কলেজের শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ৭৫ পাউন্ড ওজনের কেক কাটেন অতিথিরা। এ সময় প্রাক্তন ও
বর্তমান শিক্ষার্থীরা নাচ-গান ও আড্ডায় মেতে ওঠেন। পরে বিকেলে সাংস্কৃতিক
অনুষ্ঠান পরিবেশিত হয়। এর আগে সকালে কলেজের প্রাক্তন ও বর্তমান ছাত্রীদের
অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলেজ
প্রাঙ্গণে এসে শেষ হয়।
- বিষয় :
- কৃষিমন্ত্রী
- আব্দুর রাজ্জাক
