ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির তাবিথ-ইশরাক

মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির তাবিথ-ইশরাক
×

তাবিথ আউয়াল (বাঁয়ে) ও ইশরাক হোসেন- ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০১৯ | ০৮:১৭

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির দুই প্রার্থী।

মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন মঙ্গলবার বিএনপির মেয়রপ্রার্থী হিসেবে উত্তর সিটি কর্পোরেশনে তাবিথ আউয়াল এবং দক্ষিণ সিটি করপোরেশনে ইশরাক হোসেন মনোনয়নপত্র জমা দেন।

তাবিথ আউয়ালের মনোনয়নপত্র গ্রহণ করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম আর ইশরাক হোসেনে মনোনয়নপত্র গ্রহণ করেন দক্ষিণের রিটার্নিং কর্মকর্তা মো. আবদুন বাতেন। এসময় বিএনপির অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তাবিথ আউয়াল বলেন, আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে কি না, এটা নিয়ে সন্দেহ আছে। এই সন্দেহ শুধু তাদের একার নয়, সাধারণ জনগণের অনেক প্রশ্ন আছে। তারা নির্ভয়ে ভোট দিতে পারবেন কি না, ঠিকভাবে ভোট গণণা হবে কি না। এ কথাগুলো নির্বাচন কমিশনের কাছে তুলে ধরেছি।

তিনি বলেন, অতীতে বিতর্কিত নির্বাচন হয়ে এসেছে। ইলেকট্রনিক ভোটিং মেশিন নিয়ে অনেক বিতর্ক আছে। অনেক অপরিষ্কার জায়গা আছে। যেখানে প্রযুক্তি এবং তথ্য নিয়েও প্রশ্ন আছে। এগুলো নিয়ে আগামী দিনগুলোতে তারা নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলবেন।

তিনি বলেন, নির্বাচন নিয়ে তারা খুব সিরিয়াস। নির্বাচনে যত সমস্যাই আসুক, সবগুলোকে অতিক্রম করার চেষ্টা করবো। শেষ পর্যন্ত তারা মাঠে থাকবেন। তার মানে এই নয়, যে ভুলগুলো হতে যাচ্ছে, সেগুলো আগে থেকে মেনে নেব বা জনগণকেও মানতে দেবো। সুষ্ঠু নির্বাচনের পক্ষে এ দাবিগুলো আবার তুলে ধরছি।

রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়ে ইশরাক সাংবাদিকদের বলেন, এখনো নির্বাচনের পরিবেশ নিয়ে কথা বলার সময় আসেনি। কিছুদিন পার হলে হলে বলতে পারব। দেশে গণতন্ত্র নেই, ভোটাধিকার নেই, এখন ক্রান্তিকাল চলছে। এই নির্বাচনকে ঘিরে দল ঐক্যবদ্ধ হয়েছে। আমরা বিজয় ছিনিয়ে আনব।

আরও পড়ুন

×