'পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিন'
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০১৯ | ১০:৩৩
সরকারের পদত্যাগ দাবি করে নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা। জোটের শীর্ষ নেতাদের ওপর পুলিশি হামলা ও মামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তারা এ দাবি করেন।
মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে নেতারা বলেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর ভোট ডাকাতির নির্বাচনের মাধ্যমে আসা সরকার ভিন্নমতকে সহ্য করতে পারছে না। ভিন্নমতের ব্যক্তিদের হামলা-মামলা দিয়ে কণ্ঠরোধ করা হচ্ছে। এ অবস্থা চলতে পারে না। তাই অবিলম্বে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে পুনর্নির্বাচন দিন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ভোট 'ডাকাতির' নির্বাচন আখ্যায়িত করে আটটি বাম দলের জোট 'গণতন্ত্রের কালো দিবস' পালন করে। এ উপলক্ষে গত সোমবার কালো পতাকা মিছিল নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে যাওয়ার সময় নেতাকর্মীদের পুলিশ লাঠিপেটা করে। এতে জোটের নেতা গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকসহ অন্তত ২০ নেতাকর্মী আহত হন। ওই হামলার প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে গতকাল বিক্ষোভ সমাবেশ করা হয়।
জাতীয় প্রেসক্লাবের সামনে জোট সমন্বয়ক আবদুল্লাহ কস্ফাফী রতনের সভাপতিত্বে সমাবেশে সিপিবির সহকারী সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামান রতন, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় কমিটির সদস্য জহিরুল ইসলাম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য আকবর খান, গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য শহিদুল ইসলাম সবুজ বক্তৃতা দেন।
- বিষয় :
- বাম গণতান্ত্রিক জোট
