দুই সিটি নির্বাচন নিয়ে মিথ্যাচার করছে বিএনপি: শাজাহান খান
মুজিববর্ষবরণ অনুষ্ঠানে র্যালিতে শাজাহান খান- সমকাল
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২০ | ০৮:২৯
ঢাকার দুই সিটি নির্বাচন নিয়ে বিএনপি মিথ্যাচার করছে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। তিনি বলেছেন, বিএনপি এখন একঘরে হয়ে গেছে। যে কোনো নির্বাচন হলেই তারা বলে, 'নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয়'। অথচ পরে যখন তাদের সদস্যরা নির্বাচিত হন, তখন তাদের কথা থাকে না। এখন ঢাকার দুই সিটি নির্বাচন নিয়ে তারা মিথ্যা ও বানোয়াট কথা বলছে, যা এ দেশের মানুষ বোঝে।
বুধবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বিদ্যাপীঠ মাদারীপুরের ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চবিদ্যালয়ে মুজিববর্ষবরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধু এ বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে অধ্যয়ন করেন।
অনুষ্ঠানে শাজাহান খান বলেন, এবারের সিটি নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে। মানুষ তাদের ভোট সঠিকভাবেই দিতে পারবে। তবে বিএনপি মুক্তিযুদ্ধের চেতনায় না থাকায় তাদের মানুষ প্রত্যাখ্যান করবে।
ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চবিদ্যালয়ে মুজিববর্ষ উপযাপন উপলক্ষে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে মুজিববর্ষবরণ র্যালি, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ওবাইদুর রহমান খান ও পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
- বিষয় :
- শাজাহান খান
- মাদারীপুর
