আব্বাসী-সেলিম নেতৃত্বাধীন এলডিপির কাউন্সিল শনিবার
আব্দুল করিম আব্বাসী ও শাহদাত হোসেন সেলিম -ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২০ | ০৮:০১
আব্দুল করিম আব্বাসী ও শাহদাত হোসেন সেলিম নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি- এলডিপির জাতীয় কাউন্সিল শনিবার। রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের মুক্তিযোদ্ধা হলে এদিন সকাল ১০টায় এ কাউন্সিল শুরু হবে। অধিবেশনে এলডিপির আহ্বায়ক আবদুল করিম আব্বাসীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ ২০ দলীয় জোট শরিক নেতারা।
গত বছরের ২৭ জুন ২০ দলীয় জোটকে পাশ কাটিয়ে এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলির আলাদা প্ল্যাটফর্ম জাতীয় মুক্তিমঞ্চ গঠন হয়। যা শুরু থেকে ভালোভাবে নেয়নি বিএনপি। তারা এটাকে জোট দূর্বল করার ষড়যন্ত্র হিসেবে দেখছে। দলটি জোটের বিভিন্ন শরীক দলগুলোকে মুক্তিমঞ্চে সম্পৃক্ত করার কৌশল নেয়। এর মধ্যে জামায়াতে ইসলামী, কল্যাণ পার্টি, জাগপাসহ আরও কয়েকটি ক্ষুদ্র দলকে নিয়ে কার্যক্রম শুরু করেন কর্নেল অলি। মুক্তিমঞ্চে অংশগ্রহণ নিয়ে মতবিরোধে জাগপাতে ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। কল্যাণ পার্টির মহাসচিব থেকে আমিনুর রহমান পদত্যাগ করেন।
একইভাবে জাতীয় মুক্তিমঞ্চকে কেন্দ্র করে কোন্দলের জের ধরে গত ১৮ নভেম্বর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিবারেল ডেমোক্রিটিক পার্টি- এলডিপির সাবেক প্রেসিডিয়াম সদস্য আবদুল করিম আব্বাসীকে আহ্বায়ক এবং সাবেক সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিমকে সদস্য সচিব করে এলডিপির পৃথক সমন্বয় কমিটি ঘোষণা করা হয়।
কাউন্সিল সম্পর্কে শাহাদাত হোসেন সেলিম বলেন, শনিবার রাজধানীর কাকরাইলে তাদের দলের কাউন্সিল অনুষ্ঠিত হবে। সারাদেশের অন্তত ৩০ জেলা থেকে সহস্রাধিক কাউন্সিলর এতে অংশ নেবেন।
- বিষয় :
- লিবারেল ডেমোক্রেটিক পার্টি
- এলডিপি
