জামায়াত ছেড়ে ‘জন আকাঙ্ক্ষার বাংলাদেশ’-এ সাজু
কর্মশালায় বক্তব্য দেন এরশাদ হোসেন সাজু। ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২০ | ১০:৪৩ | আপডেট: ০৩ জানুয়ারি ২০২০ | ১০:৪৪
জামায়াতে ইসলামী ছেড়ে দলটি থেকে বহিষ্কৃত মজিবুর রহমান মনজুর ‘জন আকাঙ্ক্ষার বাংলাদেশ’-এ যোগ দিয়েছেন আবু হেনা এরশাদ হোসেন সাজু।
শুক্রবার সকালে কক্সবাজারের একটি হোটেলে আয়োজিত কর্মশালায় তিনি নিজ অনুসারীদের নিয়ে এই সংগঠনে যোগ দেন। সাজু ২০০১ সালের জাতীয় নির্বাচনে লালমনিরহাট-১ আসনে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের প্রার্থী ছিলেন।
যোগদানের পর তিনি তার বক্তব্যে জামায়াত থেকে পদত্যাগ করে ‘জন আকাঙ্ক্ষার বাংলাদেশ’-এ যুক্ত হওয়ার কারণ ব্যাখ্যা করেন। তিনি বলেন, ধর্ম ও মুক্তিযুদ্ধকে ব্যবসার পণ্য বানানো খুবই দুঃখজনক। অধিকার প্রতিষ্ঠার রাজনীতিই হল প্রকৃত বাংলাদেশ গঠনের সহায়ক।
কর্মশালায় স্বাগত বক্তব্য দেন 'জন আকাঙ্ক্ষার বাংলাদেশ'-এর সমন্বয়ক মজিবুর রহমান মনজু। তিনি বলেন, 'দেশে চলমান রাজনীতি নিয়ে মানুষ হতাশ, আশার আলো দেখা যাচ্ছে না। হতাশার মাঝেই আমরা রাজনীতিতে নতুন দ্বার উন্মোচন করবো।'
এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন ‘জন আকাঙ্ক্ষার বাংলাদেশ’-এর কক্সবাজারের সমন্বয়ক জাহাঙ্গীর কাশেম, মাস্টার শফিকুল হক প্রমুখ।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক রাজনৈতিক বিশ্লেষক ড. দিলারা চৌধুরী। কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল আলার সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন সাবেক জনপ্রশাসন সচিব এ এফ এম সোলায়মান চৌধুরী।
