ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি গঠন

ঢাকা উত্তরে তোফায়েল দক্ষিণে আমু নেতৃত্বে

ঢাকা উত্তরে তোফায়েল দক্ষিণে আমু নেতৃত্বে
×

তোফায়েল আহমেদ ও আমির হোসেন আমু -ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২০ | ১১:৫৬

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন পরিচালনায় আওয়ামী লীগের দুটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) দলের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ এবং ঢাকা দক্ষিণ সিটিতে (ডিএসসিসি) উপদেষ্টা পরিষদের আরেক সদস্য আমির হোসেন আমুর নেতৃত্বে এই দুটি কমিটি গঠন করা হয়েছে। আগামী ৩০ জানুয়ারি এ দুই সিটির নির্বাচন কার্যক্রম পরিচালনায় নেতৃত্ব দেবেন দলের বর্ষীয়ান এ দুই নেতা।

শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের নবনির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের প্রথম যৌথসভায় ঢাকা সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে গঠিত এ দুই নির্বাচন পরিচালনা কমিটিকে আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত রুদ্ধদ্বার যৌথসভায় সিটি নির্বাচন পরিচালনার বিভিন্ন দিক নিয়ে অল্পবিস্তর আলোচনাও হয়েছে। এরপর যৌথসভাটি শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়।

শুক্রবার গঠিত নির্বাচন পরিচালনা কমিটি দুটি ঢাকার দুই সিটি নির্বাচনের মেয়র পদে নৌকার প্রার্থী দক্ষিণে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং উত্তরে আতিকুল ইসলামের বিজয় সুনিশ্চিত করতে কাজ করবেন। পাশাপাশি সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর পদে দল সমর্থিত প্রার্থীদের বিজয়ী করার জন্যও প্রয়োজনীয় কার্যক্রম চালাবেন তারা।

বৈঠক সূত্র আরও জানিয়েছে, ডিএনসিসি নির্বাচন পরিচালনা কমিটিতে সদস্য সচিব করা হয়েছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচিকে। অন্যদিকে, ডিএসসিসির কমিটিতে সদস্য সচিব থাকছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। তবে দুই নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সংখ্যাই এখনও চূড়ান্ত হয়নি। কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদে থাকা যেসব নেতা এই কমিটিতে কাজ করতে আগ্রহী, তাদের অন্তর্ভুক্ত করা হবে। শনিবারের মধ্যে কমিটি চূড়ান্ত করে সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠেয় মুলতবি যৌথসভায় উপস্থাপন ও চূড়ান্ত অনুমোদন করা হবে।

দক্ষিণ সিটি নির্বাচনে দলের উপদেষ্টা পরিষদ সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমুকে আহ্বায়ক করে গঠিত নির্বাচন পরিচালনা কমিটিতে প্রাথমিকভাবে সদস্য হিসেবে আরও অন্তর্ভুক্ত করা হয়েছে দলের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, মহানগর দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফী প্রমুখ। আর ঢাকা উত্তরে দলের উপদেষ্টা পরিষদ সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদকে আহ্বায়ক করে গঠিত নির্বাচন পরিচালনা কমিটিতে আরও অন্তর্ভুক্ত আছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান প্রমুখ। অন্যদের নাম দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতারা চূড়ান্ত করবেন।

আরও পড়ুন

×