জনগণ আমাদের সঙ্গে আছে: ফরিদপুর আ. লীগের সভাপতি
ফরিদপুর অফিস
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২১ | ০৬:৩৯ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২১ | ০৬:৪০
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা বলেন, আমাদের বিজয় র্যালি ও সমাবেশের সফল আয়োজনই প্রমাণ করে জনগণ আমাদের সঙ্গে রয়েছে।
শনিবার মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সমাবেশে এ কথা বলেন সুবল চন্দ্র সাহা।
এদিন বিকালে ফরিদপুর শহরের থানার মোড়ে আওয়ামী লীগের দলীয় কর্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে সমাবেশ করে দলের নেতাকর্মীরা।
সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন বলেন, যারা দলের মধ্যে থেকেও বিভ্রান্তিকর বক্তব্য দেন, তাদের উদ্দেশ্যে বলি, আওয়ামী লীগকে বাদ দিলে আপনাদের পায়ের নিচে মাটি থাকবে না। প্রশাসনের সঙ্গে দলের বিরোধ হয় এমন বক্তব্য দিয়ে নিজেদের খুব শক্তিশালী মনে করবেন না, দল বাদ দিলে আপনাদের খুঁজে পাওয়া যাবে না।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামিম হক বলেন, ফরিদপুরে আওয়ামী লীগ আজ ঐক্যবদ্ধ, এখানে কোনো গ্রুপিং নেই, আমাদের পরিচয় একটাই আমরা জননেত্রী শেখ হাসিনার কর্মী।
উল্লেখ্য, বিজয় দিবসে আওয়ামী লীগের এক সমাবেশে দলের কেন্দ্রীয় সাবেক সদস্য বিপুল ঘোষ ফরিদপুরের আওয়ামী লীগে গ্রুপিং এর নেপথ্যে প্রশাসনের ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছিলেন।
র্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন— জেলা পরিষদের চেয়ারম্যান শামসুল হক ভোলা মাস্টার, পৌর মেয়র অমিতাভ বোস, ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামিম হক, যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্ণা হাসান, মাইনুদ্দিন আহম্মেদ মানু, মাসুদুল হক, সাংগঠনিক সম্পাদক কে.এম সেলিম, মহিলা সম্পাদক আইভি মাসুদ, জেলা যুবলীগের আহবায়ক জিয়াউল হাসান মিঠু, স্বেচ্ছাসেবক লীগের সভাপকি শওকত আলী জাহিদ, শ্রমিক লীগের সভাপতি আক্কাস হোসেন, যুব মহিলা লীগের রুকসানা আহমেদ মেহেবী, ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ রিয়ান প্রমুখ।
- বিষয় :
- ফরিদপুর
- আওয়ামী লীগ
- র্যালি
