ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন বাঘের ভূমিকায়: ইশরাক

নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন বাঘের ভূমিকায়: ইশরাক
×

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইশরাক হোসেন- সমকাল

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২০ | ০০:৫৪ | আপডেট: ১০ জানুয়ারি ২০২০ | ০৭:৩৮

নির্বাচন কমিশন আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেরুদণ্ডহীন, নখ-দন্তহীন বাঘের ভূমিকা রাখছে বলে অভিযোগ করেছেন বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন।

শুক্রবার সকাল ১১টার দিকে রাজধানীর গোপীবাগের সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়ার পর দক্ষিণ সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ইশরাক হোসেন বলেন, ‘তিনদিন আগে লিখিত অভিযোগ দিয়েছি আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে। তারা কোনো পদক্ষেপ নেননি। কাল বিলম্ব করছেন। তাদের অবস্থা আমরা বুঝি। তাদের সেই ক্ষমতা নেই। এ নিয়ে আমরা বিচলিত নই, পরোয়া করি না। আমরা আচরণবিধি মেনে নিচ্ছি।’

ইসিতে আওয়ামী লীগের মন্ত্রী-এমপিদের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার অনুমতি চেয়ে আবেদন প্রসঙ্গে ইশরাক হোসেন বলেন, ‘এ সব মিডিয়ায় কথা বলার অজুহাত। তারা প্রচারণা করছেন, ঘরোয়া বৈঠকেও অংশ নিচ্ছেন। আমাদের কাছে সব তথ্য আছে। আমরা একই শহরের বাসিন্দা, ভিনগ্রহে বাস করি না ‘

তিনি বলেন, বাবা বেঁচে থাকলে নিশ্চয়ই আমার জন্য গর্ববোধ করতেন। ৩৫ বছর বিএনপির রাজনীতি করেছেন তিনি। ১৯৯১ সালে প্রথম ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন। সেই প্রতীক নিয়ে এবার আমি মেয়র পদে নির্বাচন করছি। এই নির্বাচনে দলের প্রত্যাশা পূরণ করব। বাবা, দেশবাসী ও আমার জন্য দোয়া করবেন।

উল্লেখ্য, ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে শুক্রবার। প্রতীক পাওয়ার পরই আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেন প্রার্থীরা।

আরও পড়ুন

×