হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান মেলা
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান মেলায় শিক্ষার্থীদের একটি প্রকল্প পরিদর্শন করছেন ব্রিগেডিয়ার জেনারেল এএনএম মনজুরুল হক মজুমদারসহ অতিথিরা সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৪ | ২২:২৯
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান মেলা ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে। মেলা উদ্বোধন করেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল এএনএম মনজুরুল হক মজুমদার। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ লে. কর্নেল মো. গোলাম মোর্শেদ, পিএসসি, উপাধ্যক্ষ সাইফুল ইসলাম বুলবুল। বিজ্ঞান মেলার সার্বিক পরিচালনার দায়িত্ব পালন করেন অত্র প্রতিষ্ঠানের প্রভাষক (রসায়ন) মো. মাজহারুল ইসলাম।
মেলায় আরও অংশগ্রহণ করেন– গানার্স ইংলিশ স্কুল, নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ, নেভি এ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম বন্দর কলেজ, সিলভার বেলস গার্লস হাই স্কুল, ডা. ফজলুল হাজেরা ডিগ্রি কলেজ, শহীদ লে. জিএম মুশফিক বীর উত্তম উচ্চ বিদ্যালয়, গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয়, ডিউপয়েন্ট স্কুল, এসওএস শিশুপল্লী, রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, পিএইচ আমিন একাডেমিসহ মোট ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীরা। তারা নানা প্রকল্প নিয়ে এ উৎসবে যোগদান করে।
তিনটি দলে বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীরা নির্বাচিত ৩০০টি প্রকল্প নিয়ে বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করে। হালিশহর ক্যান্টনমেন্ট বিজ্ঞান মেলায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন– চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. এ এইচ রাশেদুল হোসেন, অধ্যাপক ড. মো. আশরাফ আলী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ফারহানা রুমঝুম ভুঁইয়া। পরে প্রকল্প উপস্থাপনকারী শিক্ষার্থীদের নিয়ে একটি কুইজ প্রতিযোগিতা হয়। এই আয়োজন শেষে বিজয়ীদের হাতে সনদপত্র ও পুরস্কার প্রদান করা হয়।
অধ্যক্ষ তার বক্তব্যে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমের পাশাপাশি যুগের সঙ্গে তাল মিলিয়ে জ্ঞান-বিজ্ঞানের নতুন আবিষ্কারকে জানা ও বিজ্ঞানমনস্ক বিশ্বনাগরিক হিসেবে গড়ে ওঠার নির্দেশনা দেন।
- বিষয় :
- মেলানিয়া ট্রাম্প
