চারুতা সংগীত একাডেমির সুরেলা সন্ধ্যা
চারুতা সংগীত একাডেমির অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করছেন একদল শিল্পী সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ মার্চ ২০২৫ | ০০:২৫
সুর ও ছন্দের অপূর্ব মেলবন্ধনে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির অনিরুদ্ধ মুক্ত মঞ্চে মঙ্গলবার অনুষ্ঠিত হলো চারুতা সংগীত একাডেমির বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্র প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানে একাডেমির চারুকলা বিভাগের শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এরপর মুক্ত মঞ্চে সমবেত জাতীয় সংগীত পরিবেশন ও প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হয়। এরপর পরিবেশিত হয় দলীয় নৃত্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মোছলেহ উদ্দিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব খালেদ মাহমুদ তানভীর, পংকজ কুমার সাহা। শুভেচ্ছা বক্তব্য রাখেন চারুতা সংগীত একাডেমির নির্বাহী পরিচালক শাহীন আক্তার ডলি।
বাচিক শিল্পী এহ্তেশামুল হকের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন চারুতা সংগীত একাডেমির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ফজল আমিন শাওন। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ‘চট্টগ্রামে সুস্থ সংস্কৃতিচর্চার প্রচার ও প্রসারে চারুতা সংগীত একাডেমি নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে। শিশু-কিশোরদের মনন বিকাশে শুদ্ধ সংস্কৃতিচর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’
- বিষয় :
- সংগীতা
