ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

গৌরবের ৬৮ বছর

গানে–আড্ডায় মুখর চমেক

গানে–আড্ডায়  মুখর চমেক
×

চট্টগ্রাম মেডিকেল কলেজের ৬৮ বছর উদযাপন অনুষ্ঠান উদ্বোধন করেন মেয়র ডা. শাহাদাত হোসেন সমকাল

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫ | ০৬:১০

‘চট্টগ্রাম নগরের প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি চট্টগ্রাম মেডিকেল কলেজ। শুধু চিকিৎসক তৈরির কারখানা নয়, এটি আসলে এক জীবন্ত ইতিহাস- 
যেখানে মিশে আছে ত্যাগ, মানবতা আর প্রেরণার গল্প। এ প্রতিষ্ঠান গৌরবের ৬৮ বছরে পদার্পণ করেছে। গতকাল শনিবার সকাল থেকেই ক্যাম্পাসজুড়ে জমেছে প্রাক্তন-বর্তমান শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থীদের মিলনমেলা।
ক্যাম্পাসের আকাশে যখন রঙিন বেলুন উড়ল, তখন এক অদ্ভুত আবেগে ভরে ওঠে পরিবেশ। সবার চোখে-মুখে গর্বের ঝিলিক-এই সেই প্রতিষ্ঠান, যেখান থেকে দেশের স্বাস্থ্যখাতে অসংখ্য নক্ষত্র আলোকিত হয়ে ছড়িয়ে পড়েছেন দেশ-বিদেশে।
‘মানবতার সেবাই চিকিৎসার আসল পরিচয়’
অনুষ্ঠান উদ্বোধনকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘চট্টগ্রাম মেডিকেল কলেজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি জাতির গর্ব। এখান থেকে বেরিয়ে যাওয়া চিকিৎসকরা বিশ্বজুড়ে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন। চিকিৎসা সেবা কোনো চাকরি নয়, এটি মানবতার সেবা। রোগীর সেবাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়াই হবে চিকিৎসকদের সবচেয়ে বড় দায়িত্ব।’ 
তিনি প্রত্যাশা ব্যক্ত করে বলেন, নতুন প্রজন্মের চিকিৎসকরা জ্ঞান, গবেষণা ও সততার মাধ্যমে আধুনিক চিকিৎসা বিজ্ঞানে নেতৃত্ব দেবে।
স্মৃতির সরণি বেয়ে ফিরে যাওয়া
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. আব্দুর রব। বিশেষ অতিথি ছিলেন বিগ্রেডিয়ার জেনারেল ডা. মো. তসলিম উদ্দিন। উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. ইমরান বিন ইউনুস, অধ্যাপক ডা. মঞ্জুরুল ইসলাম, অধ্যাপক ডা. ইমাম উদ্দিন, অধ্যাপক ডা. এস. এম. তারেক,  অধ্যাপক ডা. জসিম উদ্দিনসহ অসংখ্য শিক্ষক ও চিকিৎসক। অনেকেই নিজের শিক্ষা জীবনের স্মৃতি রোমন্থন করে শোনালেন ক্লাসরুম, হোস্টেল, আড্ডা কিংবা রাতজাগা পড়াশোনার গল্প। কখনও হাসি, কখনও চোখের কোণে জল-মিশে যাচ্ছিল অতীতের আবেগে।

আরও পড়ুন

×