ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

আনসার-ভিডিপি সদস্যদের ৭২০০ গাছ রোপণ

সবুজে ভরছে বরকল

সবুজে ভরছে বরকল
×

নিজেদের বাড়ির আঙিনায় গাছের চারা রোপণ করছেন আনসার-ভিডিপি সদস্যরা সমকাল

 রাঙামাটি অফিস

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫ | ০৭:০৯

| প্রিন্ট সংস্করণ

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় রাঙামাটির বরকল উপজেলায় এক অনন্য উদ্যোগ নিয়েছেন আনসার ও ভিডিপি সদস্যরা। উপজেলার ৭২০ জন ভাতাভুক্ত আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা নিজ নিজ নামে ১০টি করে ফলদ ও বনজ গাছ রোপণ করেছেন। তাদের রোপণকৃত গাছের মোট সংখ্যা ৭ হাজার ২০০টি।
এই কর্মসূচির মূল উদ্যোক্তা বরকল উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলাম। ২০২১ সালে দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি পরিবেশ সংরক্ষণে সচেতনতা তৈরিতে কাজ করে আসছেন। তার উদ্যোগে সদস্যদের নিজ বাড়ি, আঙিনা বা আশপাশের খালি জায়গায় আম, লিচু, জাম, পেয়ারা, নারিকেলসহ বিভিন্ন ফলজ গাছ এবং মেহগনি, গামারিসহ বনজ গাছ লাগানো হয়।
মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, ‘শুধু গাছ লাগানোই নয়, প্রতিটি সদস্য তাদের লাগানো গাছের যত্ন নেবেন– এমন অঙ্গীকারও নেওয়া হয়েছে। এতে যেমন পরিবেশ উপকৃত হবে, তেমনি ভবিষ্যতে অর্থনৈতিকভাবেও সুফল পাবে এলাকাবাসী।’ তিনি আরও বলেন,
‘আমরা চাই প্রতিটি সদস্য যেন নিজ নামে লাগানো গাছের মাধ্যমে নিজের, সমাজের এবং ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়বদ্ধতার বার্তা ছড়িয়ে দেয়।’
রাঙামাটি জেলা কমান্ড্যান্ট মো. আনোয়ার হোসেন এ উদ্যোগের প্রশংসা করে বলেন, ‘এটি শুধু একটি বৃক্ষরোপণ কর্মসূচি নয়, বরং একটি সামাজিক আন্দোলন। নিজের নামে গাছ লাগানো মানে নিজের পরিবেশ ও ভবিষ্যতের প্রতি দায়বদ্ধ হওয়া। এমন উদ্যোগ দেশের অন্যান্য উপজেলাতেও অনুসরণযোগ্য।’
বর্তমানে রোপণকৃত গাছগুলো বেড়ে উঠছে সতেজ সবুজে। স্থানীয়রা জানাচ্ছেন, এই কর্মসূচির কারণে এলাকায় পরিবেশ সচেতনতা বেড়েছে এবং গাছের চারা রোপণের প্রতি তরুণদের আগ্রহও বাড়ছে।

আরও পড়ুন

×