কানে অস্বাভাবিক শব্দ শোনার কারণ ও প্রতিকার
ডা. মো. আব্দুল হাফিজ শাফী
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫ | ০৭:১৩ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৫ | ০৭:৩৫
| প্রিন্ট সংস্করণ
চারদিক নিস্তব্ধ থাকা সত্ত্বেও কানে অস্বাভাবিক শব্দ (যেমন– শোঁ শোঁ, ভোঁ ভোঁ, ঝিঁ ঝিঁ, ঘণ্টার ধ্বনি) শোনার সমস্যাকে আধুনিক চিকিৎসাবিজ্ঞানে টিনিটাস বলা হয়।
টিনিটাসের কারণ
বহিঃকর্ণজনিত: কানে ময়লা বা খৈল জমা হলে।
মধ্যকর্ণজনিত: মধ্যকর্ণে পানি জমা, কানের পর্দা ফেটে যাওয়া, কান পাকা রোগ, অটোস্কেলেরোসিস (মধ্যকর্ণের অস্থি নড়াচড়া না করা)।
অন্তঃকর্ণজনিত: কানের ভেতরের ক্ষুদ্র চুলের মতো কোষগুলো ক্ষতিগ্রস্ত হওয়া বা সঠিকভাবে কাজ না করা (যা মস্তিষ্কে ভুল ইলেকট্রিক্যাল সিগন্যাল পাঠায়)।
মিনিয়ার্স ডিজিজ, শব্দ দূষণজনিত বধিরতা, অন্তঃকর্ণের প্রদাহ।
অষ্টম স্নায়ুর টিউমার।
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শ্রবণশক্তি হ্রাস।
জটিলতা
মানসিক চাপ, ক্লান্তি, ঘুমে ব্যাঘাত
(অনিদ্রা), স্মৃতিশক্তির লোপ, মাথাব্যথা, বিষণ্নতা, দুশ্চিন্তা।
চিকিৎসা
টিনিটাসের চিকিৎসা রোগের উৎপত্তিজনিত কারণের ওপর নির্ভর করে। এটি ডায়াবেটিসের মতো দীর্ঘস্থায়ী রোগের মতো, সম্পূর্ণ নিরাময় না হলেও নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
ওষুধ: রক্ত সঞ্চালন বাড়াতে এবং উপসর্গ (অনিদ্রা, মানসিক যন্ত্রণা) উপশমে ওষুধ ব্যবহার করা হয়।
কাউন্সেলিং ও থেরাপি: রোগীকে বোঝানো, এটি জীবনসংহারী সমস্যা নয়। রিলাক্সেশন থেরাপি বা যোগব্যায়াম সাহায্য করতে পারে।
টিনিটাস মাস্কিং: ঘুমানোর সময় টিকটিক শব্দ করে চলা দেয়ালঘড়ি বা মোবাইলে টিনিটাস মাস্কিং অ্যাপ ব্যবহার করা
যেতে পারে।
লেখক: নাক-কান-গলা রোগ বিশেষজ্ঞ এবং হেড-নেক সার্জন।
- বিষয় :
- শব্দদূষণ
