ছোট মেয়েটির বড় জয়
‘নতুন কুঁড়ি’র আবৃত্তিতে জাতীয় চ্যাম্পিয়ন বাণী
ট্রফি হাতে সাবিলা সুলতান বাণী সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫ | ০৭:০১
| প্রিন্ট সংস্করণ
শিশু-কিশোর প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি ২০২৫’-এর আবৃত্তি বিভাগে জাতীয় চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রামের সাবিলা সুলতান বাণী। খ বিভাগে প্রথম স্থান অর্জনের মধ্য দিয়ে এই ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী শুধু নিজের পরিবার নয়, চট্টগ্রামকেই এনে দিল নতুন গৌরব।
পূর্ব বাকলিয়ার ১৮ নম্বর ওয়ার্ডের ফজর আলী মুন্সির বাড়িতে বেড়ে ওঠা বাণী বর্তমানে পূর্ব বাকলিয়া সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়ছে। বয়স অল্প হলেও আবৃত্তিতে তার পরিণত স্বর, নিখুঁত উচ্চারণ ও সাবলীল পরিবেশনা বিচারক ও দর্শকদের মুগ্ধ করেছে।
জাতীয় মঞ্চে চ্যাম্পিয়ন হয়ে বাণী পেয়েছে ট্রফি, সনদ, দুই লাখ টাকার চেক ও বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী হওয়ার স্বীকৃতি। শুধু একটি প্রতিযোগিতা নয়– তার শিল্পীজীবনের জন্য এটি নতুন অধ্যায়ের সূচনা বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
বাণীর সাফল্যের পেছনে রয়েছে শিল্পীমনা পরিবার। মা রাবেয়া সুলতান জাতীয় পুরস্কারপ্রাপ্ত আবৃত্তিশিল্পী। বাবা টিপু সুলতান সাংস্কৃতিক সংগঠন ‘ডাক দিয়ে যাই’-এর প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি। বড় বোনও জাতীয় পুরস্কারপ্রাপ্ত বক্তৃতা, আবৃত্তি ও বিতর্কশিল্পী। তাই পরিবারের শিল্প-ঐতিহ্যই তাকে এগিয়ে নিয়ে যাচ্ছে– এমনই মত স্থানীয় শিক্ষকদের।
জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার পর বাণীকে ঘিরে পরিবারে চলছে উৎসবের আমেজ। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে অভিনন্দনের ঢল নেমেছে। বাণী বলে, ‘‘আমি আবৃত্তি ভালোবাসি। ‘নতুন কুঁড়ি’র মঞ্চে দেশের সেরা হওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। সামনে আরও বড় স্বপ্ন দেখছি।”
মা রাবেয়া সুলতান বলেন, ‘আমার ছোট্ট মেয়ে, বড় মঞ্চেই দেখাল প্রতিভার উজ্জ্বল দীপ্তি। সে অন্যদের জন্য হোক অনুপ্রেরণার আলোকবর্তিকা–এটাই আমার চাওয়া।’
- বিষয় :
- ট্রফি দেস চ্যাম্পিয়নস
