৭০০ চিকিৎসক-গবেষকের মিলনমেলা
তিন মেডিকেল কলেজের বৈজ্ঞানিক সম্মেলনে অতিথি ও অংশগ্রহণকারী গবেষকরা সমকাল
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫ | ০৭:২১
| প্রিন্ট সংস্করণ
এক ছাদের নিচে দেশ-বিদেশের সাত শতাধিক চিকিৎসক-গবেষকের মিলনমেলা বসেছে বন্দরনগরী চট্টগ্রামে। চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ ও চট্টগ্রাম ইন্টারন্যাশনাল নার্সিং কলেজের যৌথ উদ্যোগে কলেজ ক্যাম্পাসে দিনব্যাপী এই বৃহৎ সম্মেলন অনুষ্ঠিত হয়। কানাডা, তুরস্ক, থাইল্যান্ড, পাকিস্তানসহ দেশ-বিদেশের সাত শতাধিক নামকরা, প্রতিথযশা চিকিৎসা বিজ্ঞানী ও গবেষকরা এতে অংশ নেন। ‘গবেষণা এবং চিকিৎসা শিক্ষা: উদ্ভাবনকে অনুপ্রাণিতকরণ ও বৈশ্বিক স্বীকৃতি নিশ্চিতকরণ’-এ প্রতিপাদ্যে গত বৃহস্পতিবার চতুর্থ আন্তর্জাতিক এই বৈজ্ঞানিক সম্মেলনে চিকিৎসা-সংক্রান্ত ৭০টি গবেষণাপত্র উপস্থাপন করা হয়।
বৃহৎ এ আয়োজনে ক্যান্সার, শিশু, মেডিসিন, কিডনি, গাইনি, হৃদরোগ, ডায়াবেটিস, রক্ত রোগসহ স্বনামধন্য চিকিৎসকরা চিকিৎসা সংক্রান্ত অজানা অনেক তথ্য তুলে ধরেন। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালেদ হোসেন। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আব ইউসুফ ও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইফসুফ। প্লেনারি সেশনে প্রবন্ধ উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক এম এ ফায়েজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ফ্যাকাল্টির সাবেক ডিন অধ্যাপক মো. আমির হোসেন, বিএমইএসির রেজিস্ট্রার অধ্যাপক ডা. হুমায়ন কবির তালুকদার, কিডনি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. প্রদীপ কুমার দত্ত, পাকিস্তানের মারগালা বিশ্ববিদ্যালয়ের অর্থোডেন্টিকসের অধ্যাপক ডা. আফিফ ওমর জিয়া, থইল্যান্ডের মাহিদোল বিশ্ববিদ্যালয়ের ফ্যামিলি হেলথ বিভাগের সহযোগী অধ্যাপক ড. কানিথা চামরুনসোয়াসদি। বক্তব্য রাখেন সম্মেলনের চেয়ারম্যান ও কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. টিপু সুলতান, কো-চেয়ারম্যান ও কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মুসলিম উদ্দিন সবুজ প্রমুখ।
প্রধান অতিথি বলেন, ‘উচ্চমানের শিক্ষা ও অর্থবোধক গবেষণার সমন্বয় আমাদের স্বাস্থ্য খাতের ভবিষ্যৎ গঠনে অপরিহার্য। ক্লিনিক্যাল অনুশীলন, একাডেমিক উৎকর্ষ ও রোগীর যত্নে উন্নতি সাধনে সহায়ক হয়। চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল ও হাসপাতাল এই অঞ্চলের স্বাস্থ্যখাতে একটি আই ওপেনার হিসেবে কাজ করছে। আধুনিক প্রযুক্তি, দক্ষ চিকিৎসক ও আন্তর্জাতিক মানের সেবার সমন্বয়ে এই মেডিকেলটি চট্টগ্রামসহ আশপাশের জেলার মানুষের চিকিৎসা সেবায় নতুন দিগন্ত উন্মোচন করছে।’
মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ সময়োপযোগী বিষয় নিয়ে যে একাডেমিক কার্যক্রম পরিচালনা করছে, তা আমাদের চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ইনস্টিটিউশনাল সিম্পোজিয়াম ও সেমিনারের মধ্য দিয়ে আমাদের ভবিষ্যৎ চিকিৎসা উদ্ভাবন এবং চিকিৎসকদের দক্ষতা আরও শাণিত হচ্ছে।’
অধ্যাপক ডা. মো. টিপু সুলতান বলেন, ‘আমাদের লক্ষ্য শুধু ডিগ্রি প্রদান নয়, বরং নৈতিকতা, মানবিকতা এবং গবেষণাগত দক্ষতাসম্পন্ন স্বাস্থ্যসেবা পেশাজীবী তৈরি করা। এবারের সম্মেলন সেই লক্ষ্য অর্জনের একটি অন্যতম মাধ্যম। আমরা বিশ্বাস করি, এই সম্মেলন দেশের স্বাস্থ্যখাতে যোগ করবে নতুন মাত্রা।’
অধ্যাপক ডা. মো. মুসলিম উদ্দিন সবুজ বলেন, ‘এবারের সম্মেলনে মেডিসিন, সার্জারি, পাবলিক হেলথ, বেসিক সায়েন্স, ডেন্টিস্ট্রি এবং নার্সিং-এর বিভিন্ন সমসাময়িক চ্যালেঞ্জ ও উদ্ভাবনী সমাধান সম্বলিত উপস্থাপিত ৭০ টি গবেষণা ভবিষ্যত চিকিৎসা কার্যক্রমে অনন্য ভূমিকা রাখবে।’
সম্মেলনের দুটি প্লেনারি সেশনে প্রবন্ধ উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক এম এ ফায়েজ, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন ফ্যাকাল্টির সাবেক ডিন অধ্যাপক মো. আমির হোসেন, বিএমইএসির রেজিস্ট্রার অধ্যাপক ডা. হুমায়ন কবির তালূকদার, কিডনি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. প্রদীপ কুমার দত্ত, পাকিস্তানের মারগালা বিশ্ববিদ্যালয়ের অর্থোডন্টিকস এর অধ্যাপক ডা. আফিফ ওমর জিয়া, থাইল্যান্ডের মাহিদোল বিশ্ববিদ্যালয়ের ফ্যামিলি হেলথ বিভাগের সহযোগী অধ্যাপক ড. কানিথা চামরুনসোয়াসদী।
সম্মেলনে উপস্থিত ছিলেন চমেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. জসিম উদ্দিন, অধ্যাপক ডা. মাসুদ করিম, অধ্যাপক অজয় দেব, ডা. ইব্রাহিম চৌধুরী, অধ্যাপক ডা. সোহেল বকস্, অধ্যাপক ডা. প্রীতি প্রসুন বড়ুয়া, অধ্যাপক ডা. অসিম বড়ুয়া, অধ্যাপক কর্নেল সোহেল আহমদ, অধ্যাপক শামীমা সিদ্দিকা রোজি, অধ্যাপক জয়ব্রত দাস, অধ্যাপক ডা. বাবুল ওসমান চৌধুরী, অধ্যাপক ডা. এম এ সাত্তার, অধ্যাপক অরুপ দত্ত বাপ্পী, অধ্যাপক ডা. এম জালাল উদ্দিন, অধ্যাপক ডা. মো. মনসুরুল আলম, অধ্যাপক ডা. মো. আকরাম হোসাইন, অধ্যাপক ডা. সুজত পাল, অধ্যাপক আকরাম পারভেজ চৌধুরী, অধ্যাপক নাসরিন বানু প্রমুখ।
- বিষয় :
- মিলনমেলা
