ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

মেরিন একাডেমি অ্যালামনাই  অ্যাসোসিয়েশনের মিলনমেলা
×

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলায় কেক কাটছেন অতিথিরা সমকাল

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬ | ০৮:০২

| প্রিন্ট সংস্করণ

বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হলো বাংলাদেশ মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা। কর্ণফুলী উপজেলার জলদিয়া এলাকায় একাডেমি ক্যাম্পাসে দিনব্যাপী অনুষ্ঠানে ছিল শোভাযাত্রা, স্মৃতিচারণ ও অভিজ্ঞতা বিনিময়। দীর্ঘদিন পর সতীর্থদের সম্মিলনে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ। প্রাক্তন ক্যাডেটদের পরিবারের সদস্যদের উপস্থিতি অনুষ্ঠানকে করে তোলে প্রাণবন্ত। এবার অ্যালামনাই অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড লাভ করেন ইন্টারন্যাশনাল এমপ্লয়ার্স কাউন্সিল-আইমেকের সাবেক চেয়ারম্যান ক্যাপ্টেন বেলাল আহমেদ। অনুষ্ঠানে একাডেমির সদ্য পাস আউট ক্যাডেটদের জন্য বৃত্তিও ঘোষণা করা হয়। 
আলোচনা সভায় অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম সোহরাওয়ার্দী বলেন, ‘দক্ষ নাবিক তৈরিতে মেরিন একাডেমির অবদান গৌরবোজ্জ্বল। তাই এখানকার সাবেক শিক্ষার্থীদের উচিত বিশ্ব নৌ অঙ্গনে বাংলাদেশের শক্ত ভিত গড়ে তোলা। পাশে থাকতে হবে যে কোনো নাবিকের দুঃসময়েও।’ সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বলেন, ‘প্রতিবছর চাকরির বাজারে যৌক্তিক সংখ্যক ক্যাডেট যোগ হওয়া উচিত। নতুনদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা পুরনোদের দায়িত্ব।’ 

অন্য বক্তারা বলেন, ‘বাংলাদেশ মেরিন একাডেমি  সর্বশ্রেষ্ঠ মেরিটাইম শিক্ষাপ্রতিষ্ঠান। এটি একটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে বাণিজ্যিক জাহাজের ক্যাডেট, ডেক অফিসার এবং মেরিন ইঞ্জিনিয়ারদের প্রশিক্ষণ প্রদান করা হয়। নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত এই প্রতিষ্ঠান প্রতিবছর ৪০ জন (২০ জন নৌ-বিদ্যা এবং ২০ জন নৌ-প্রকৌশল বিদ্যায়) ক্যাডেট নিয়ে যাত্রা শুরু করেছিল। বর্তমানে প্রতিবছর ১৮০ জন (যেখানে ১৬০ জন ছেলে আর ২০ জন মেয়ে) ক্যাডেট একাডেমিতে ভর্তি হয়। প্রতিষ্ঠাকাল থেকে এ পর্যন্ত একাডেমি হতে প্রায় চার হাজার নৌবিদ্যা এবং নৌ-প্রকৌশল শাখার ক্যাডেট তাদের প্রশিক্ষণ গ্রহণ করে বাণিজ্যিক জাহাজে মাস্টার মেরিনার এবং নৌ-প্রকৌশল পেশায় নিয়োজিত রয়েছেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফসিউর রহমান, ফয়সাল আল আসাদুজ্জামান, তানিয়া বেগম, রেদওয়ান সাজিদ ও অঙ্গন দাশ প্রাঙ্গণ। শেষে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও র‍্যাফেল ড্র।

আরও পড়ুন

×