বৃন্দ আবৃত্তির নান্দনিক উৎসব
তারুণ্যের উচ্ছ্বাসের অনুষ্ঠানে বৃন্দ আবৃত্তি পরিবেশন করে একদল ক্ষুদে শিল্পী সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬ | ০৭:৩১
| প্রিন্ট সংস্করণ
তারুণ্যের উচ্ছ্বাস পথচলার দুই দশকে পদার্পণ করেছে। এ উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠানমালা হবে। প্রথম আয়োজন ছিল মঙ্গলবার ২০ জানুয়ারি চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে, অনুষ্ঠিত হয়েছে বৃন্দোৎসব। অনুষ্ঠানে তারুণ্যের উচ্ছ্বাসের শিল্পীরা পরিবেশন করেন আটটি নতুন বৃন্দ আবৃত্তি। পাশাপাশি আটটি আবৃত্তি সংগঠনের শিল্পীরা আমন্ত্রিত হয়ে অংশগ্রহণ করেন। কবিতার দলীয় পরিবেশনায় মিলনায়তনজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
সন্ধ্যায় উদ্বোধনী পর্বে অতিথি ছিলেন আবৃত্তিশিল্পী অঞ্চল চৌধুরী, সাংস্কৃতিক সংগঠক আব্দুল হালিম দোভাষ ও সম্মিলিত আবৃত্তি জোটের সভাপতি ফারুক তাহের। উপস্থিত ছিলেন তারুণ্যের উচ্ছ্বাসের প্রতিষ্ঠাকালীন সদস্য মুজাহিদুল ইসলাম, মিঠু তলাপাত্র ও শ্রাবণী দাশগুপ্তা।
আবৃত্তিশিল্পী সেজুতি দে’র সঞ্চালনায় বৃন্দ আবৃত্তি পর্বে তারুণ্যের উচ্ছ্বাস পরিবেশন করে শ্রাবণী দাশগুপ্তার নির্দেশনায় ‘মানুষের মানচিত্র’, মোহাম্মদ মুফরাত হোসেনের নির্দেশনায় ‘কর্ণফুলী’, শারমিন মুস্তারী নাজুর নির্দেশনায় ‘জন্ম নাকি মৃত্যুর খেলা’, সুস্মিতা দত্তের নির্দেশনায় ‘আদিগন্তের ঋতু কথন’, সাফা মারওয়ার নির্দেশনায় ‘ছড়া এক্কে ছড়া’ কারিশমা কবির ঐশীর নির্দেশনায় ‘খুললো জাদুর ঝুলি’, রাজেশ্বরী চৌধুরীর নির্দেশনায় ‘একুশ আমার অহংকার’ এবং পায়েল বিশ্বাসের নির্দেশনায় ‘ধুলোমাখা বইয়ের পাতা’।
আমন্ত্রিত সংগঠন হিসেবে বৃন্দ আবৃত্তি পরিবেশন করে বোধন আবৃত্তি পরিষদ, উচ্চারক আবৃত্তি কুঞ্জ, মুক্তধ্বনি আবৃত্তি সংসদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চ, প্রমিতি সাংস্কৃতিক একাডেমি এবং প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমি।
তারুণ্যের উচ্ছ্বাসের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম বলেন, ‘প্রতিষ্ঠালগ্ন থেকে কবিতার বিশুদ্ধ কথামালাকে শক্তি করে গত দুই দশক ধরে তারুণ্যের উচ্ছ্বাস নানা আয়োজন ও অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় দেশের গণতান্ত্রিক ও প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে সংগঠনটি মঞ্চে এবং প্রয়োজনে রাজপথেও সক্রিয় ভূমিকা রেখেছে।’
তিনি আরও বলেন, ‘২০২৬ সালে আবৃত্তি অনুষ্ঠান সেমিনার প্রতিযোগিতা প্রযোজনা ও উৎসব আয়োজনের মধ্য দিয়ে দুই দশকপূর্তির বছরটিকে সৃষ্টিমুখর ও স্মরণীয় করে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।’
- বিষয় :
- তারুণ্য
