শিক্ষা ও সংস্কৃতি
‘ভাষার জন্য একুশ, তাই ভাষার নামে দেশ’
এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজের অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে প্রতিযোগিতায় বিজয়ীরা সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১৩:৪৪
| প্রিন্ট সংস্করণ
‘একুশ মানে বাংলা ভাষার মান, একুশ মানে গোলামি রুখে দাঁড়ানোর গান’– এই স্লোগান প্রতিপাদ্য করে চট্টল সুরাঙ্গনের উদ্যোগে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মরণে ‘ভাষার জন্য একুশ, তাই ভাষার নামে দেশ’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি নগরীর একটি সাংস্কৃতিক কেন্দ্রের মুক্তমঞ্চে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মুক্তা সরকারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন শিক্ষাবিদ, কবি ও সংস্কৃতিজন উত্তম কুমার আচার্য। সবুজ-শ্যামল পরিবেশে বাচিকশিল্পী দিলরুবা খাতুন ঝুটির সাবলীল উপস্থাপনায় দর্শকশ্রোতার প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানের সূচনায় সমবেত কণ্ঠে পরিবেশিত হয় অমর একুশের বিখ্যাত গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’। এরপর পর্যায়ক্রমে সংগীত পরিবেশন করেন বেতার ও টেলিভিশনের পরিচিত মুখ এবং সংগঠনের সদস্য শিল্পীরা। তাদের মধ্যে ছিলেন দিদারুল ইসলাম দিদার, ইকবাল পিন্টু, ইকবাল হায়দার, তাপস চৌধুরী, হাসান জাহাঙ্গীর, সত্যজিৎ দাশ, মুক্তা সরকার, শিলা চৌধুরী, হাসনা জান্নাত মিকাত, সেলিম নূর, মাসুম খান, পুলক চন্দ, নাজনীন রূপা, ধীমান দে ও শিশু শিল্পী দিয়ানসহ অনেকে।
এ ছাড়া হৃদয়স্পর্শী কণ্ঠে আবৃত্তি পরিবেশন করেন মাহবুবা শিউলি, শারদ মাজহার ও কবিতা ইসলাম। সংগীত আয়োজনের দায়িত্বে ছিলেন শিল্পী আবছার উদ্দিন হিরো ও কানু চক্রবর্তী।
অনুষ্ঠানে ভাষাশহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বাংলা ভাষার মর্যাদা রক্ষা ও চর্চা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজক ও অংশগ্রহণকারীরা।
জিএমইএ বিশ্ববিদ্যালয়ে পিঠা উৎসব
নানা আয়োজনে চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (সিবিইউএফটি) পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার সিবিইউএফটি কালচারাল ক্লাবের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হলরুমে এ উৎসব হয়। এতে প্রধান অতিথি ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান নাসির উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ও কোষাধ্যক্ষ অধ্যাপক প্রদীপ চক্রবর্তী।
প্রধান অতিথি নাসির উদ্দিন চৌধুরী বলেন, ‘পিঠা উৎসব আমাদের শেকড়, সংস্কৃতি ও ঐতিহ্যের গৌরব। আশা করি, এমন আয়োজন শিক্ষার্থীদের মাঝে দেশীয় সংস্কৃতির চর্চা ও সামাজিক বন্ধন আরও দৃঢ় করবে।’ তিনি আরও বলেন, ‘এসব আয়োজনের মাধ্যমে ক্যাম্পাস হয়ে ওঠে আরও আনন্দমুখর, প্রাণোজ্জ্বল।’ সংবাদ বিজ্ঞপ্তি
এশিয়ান আবাসিক স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা
এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত বৃহস্পতিবার সুন্নিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। মোহাম্মদ আজমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আলী হোছাইন। প্রধান অতিথি ছিলেন নাজিরপাড়া মডেল সমাজের সভাপতি মঈন উদ্দিন চৌধুরী। ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন ক্রীড়া সাংবাদিক ও সংগঠক সাইফুল্লাহ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ লায়ন এইচ এম ওসমান সরওয়ার। উপস্থিত ছিলেন মোহাম্মদ এমদাদ উদ্দীন চৌং, মো. ইউনুস, হাসানুল বান্নাহ। ক্রীড়া প্রতিযোগিতায় ৯টি গ্রুপে বিভক্ত হয়ে প্রায় ১২০টি ইভেন্টে অংশ নেয় শিক্ষার্থীরা।
- বিষয় :
- স্কুলে ভর্তি
