‘যাত্রাওয়ালা’ মিলন স্মরণ
মিলন কান্তি দে রচিত ‘যাত্রাশিল্পের সংক্ষিপ্ত ইতিহাস’ গ্রন্থের পাঠ উন্মোচন করেন অতিথিরা সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬ | ০৭:২০
| প্রিন্ট সংস্করণ
নাট্যমঞ্চ ও শিল্পী আয়োজিত স্মরণসভায় বক্তারা বলেছেন, ‘নাট্যব্যক্তিত্ব মিলন কান্তি দে আজীবন যাত্রাশিল্পের সঙ্গে যুক্ত থেকে দেশের যাত্রাঙ্গনে কিংবদন্তিতে পরিণত হয়েছেন। নিজেকে তিনি সবসময় একজন ‘যাত্রাওয়ালা’ হিসেবেই ভাবতেন। যখন যাত্রাশিল্প ক্রমশ হারিয়ে যাওয়ার পথে, তখনও তিনি বিশ্বাস করতেন—এই লোকজ শিল্পই বাঙালির আত্মপরিচয়ের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। তাঁর গ্রন্থ ‘আমি যে এক যাত্রাওয়ালা’তে ব্যক্তিজীবনের পাশাপাশি বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের ইতিহাস তুলে ধরেছেন তিনি।’
গত ১ এপ্রিল চট্টগ্রাম একাডেমির ফয়েজ নূরনাহার মিলনায়তনে স্মরণসভায় সভাপতিত্ব করেন নাট্যব্যক্তিত্ব শিশির দত্ত। সূচনা বক্তব্য দেন শিশুসাহিত্যিক রাশেদ রউফ। আলোচনায় অংশ নেন কথাসাহিত্যিক ও সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী, প্রাবন্ধিক ও লোকসাহিত্য গবেষক ড. আমিনুর রহমান সুলতান, গবেষক ও সাংবাদিক মুহাম্মদ শামসুল হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাবুল বিশ্বাস, গবেষক আলম সাইফুল এবং নাট্যজন জাহেদুল আলম।
বাচিকশিল্পী আয়েশা হক শিমুর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন অধ্যাপক ড. প্রণব কুমার চৌধুরী এবং মিলন কান্তি দে’র নাতি স্বপ্নীল। এ সময় তাঁর রচিত সর্বশেষ গ্রন্থ ‘যাত্রাশিল্পের সংক্ষিপ্ত ইতিহাস ও নন্দিত নায়িকারা’র পাঠ উন্মোচন করা হয়।
স্মরণসভায় আরও বক্তব্য দেন নাট্যব্যক্তিত্ব রবিুল আলম, নাট্যজন মুনির হেলাল, কবি-সাংবাদিক ওমর কায়সার, খালেদ হেলাল, ড. ইউসুফ ইকবাল দীপু, দীপক চৌধুরী, ড. আজাদ বুলবুল, মুহাম্মদ মহসিন চৌধুরী, অধ্যাপক কাঞ্চনা চক্রবর্তী, অধ্যক্ষ ছন্দা চক্রবর্তী, আজিজুর রহমান, মারজিনা আক্তার, লিপি বড়ুয়া, আবুল কালাম বেলাল, বাসুদেব খাস্তগীর, ইফতেখার মারুফ, অমিত বড়ুয়া, জি এম জহির উদ্দিন,তানভীর হাসান বিপ্লব, দীপিকা রানী বড়ুয়া, জিতেন্দ্র লাল বড়ুয়া, শরণাঙ্কর বড়ুয়া, নটু বিকাশ বড়ুয়া ও নীলরতন দাশ গুপ্ত।
উল্লেখ্য, মিলন কান্তি দে জীবদ্দশায় যাত্রাপালা রচনা, নির্দেশনা, অভিনয় এবং যাত্রাশিল্প সংরক্ষণে সাংগঠনিক প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর অভিনীত যাত্রাপালার সংখ্যা ১৫১টি। উল্লেখযোগ্য পালাগুলোর মধ্যে রয়েছে– ‘মা হলো বন্দী’, ‘লালন ফকির’, ‘সিরাজউদ্দৌলা’, ‘সোহরাব রুস্তম’, ‘ঈশা খান’, ‘মাস্টারদা সূর্যসেন’, ‘বাংলার মহানায়ক’। তাঁর প্রকাশিত গ্রন্থ ১৩টি। বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত এই নাট্যব্যক্তিত্ব গত ৭ ফেব্রুয়ারি ৭৭ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
- বিষয় :
- স্মরণ
