নিউইয়র্কে করোনায় আরও ৬ বাংলাদেশির মৃত্যু
ছবি: সংগৃহীত
নিউইয়র্ক প্রতিনিধি
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২০ | ০৩:০১ | আপডেট: ১৫ এপ্রিল ২০২০ | ০৫:৩৯
বিগত একমাসে মৃত্যুহীন কোনো দিন নেই নিউইয়র্কের বাংলাদেশিদের জীবনে। মঙ্গলবার এ স্টেটে প্রাণ হারিয়েছেন আরও ৬ জন। এদিন নিউইয়র্ক কমিউনিটি হারালো একজন মনোরোগ চিকিৎসক ও একজন সঙ্গীতশিল্পীকে। এ নিয়ে নিউইয়র্কে করোনায় মোট ১৩২ জন বাংলাদেশির প্রাণহানি ঘটলো। আর যুক্তরাষ্ট্রে মারা গেলেন ১৪৩ জন।
করোনাআক্রান্ত হয়ে মঙ্গলবার নিউইয়র্কে প্রাণ হারিয়েছেন লং আইল্যান্ডের বাসিন্দা ডা. আলী আসগর খান মামুন (৬২), বাংলাদেশ বেতারের এক সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী বীণা বর্মন মজুমদার, অশীতিপর বৃদ্ধা হাজেরা খাতুন, ওজনপার্কের দুই বাসিন্দা শরীফ আহমেদ ও এনাম উদ্দীন এভং ব্রঙ্কসের বুলবুল আহেম (৫৯)। ডা. মামুনকে নিয়ে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত পাঁচজন চিকিৎসক মারা গেলেন করোনার আক্রমণে। এ পর্যন্ত নারী মারা গেছেন ২৫ জন।
এদিকে নিউইয়র্কে মারা যাওয়া ১৩২ জনের মধ্যে ইতোমধ্যেই ৬৭ জনের জন্য কবরের স্থান দিয়ে বাংলাদেশ সোসাইটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দীকি জানিয়েছেন, ৬৭ কবরের মধ্যে নিউজার্সীর মালবরো সিটিতে কেনা কবরস্থানে ৬৩ জনকে বিনামূল্যে সমাহিত করা হয়েছে। লংআইল্যান্ডের তিনটি কবর নামমাত্র মূল্যে দেয়া হয়েছে। এ শহরে একটি কবরে সমাহিত করা হয়েছে সোসাইটির কার্যকরী কমিটির সদস্য বাকের আজাদ। আরো ৫ বাংলাদেশীর পরিবার কবরের জায়গার জন্য যোগাযোগ করেছেন সোসাইটির সঙ্গে।
