ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

জাহেদ রবিনের চিত্রকর্ম বিক্রি হলো ১ লাখ ৮৪ হাজার টাকায়

জাহেদ রবিনের চিত্রকর্ম বিক্রি হলো ১ লাখ ৮৪ হাজার টাকায়
×

জাহেদ রবিন

ইউএই প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুলাই ২০২০ | ০৩:০৭ | আপডেট: ১৬ জুলাই ২০২০ | ০৩:২৯

জাহেদ রবিন সংযুক্ত আরব আমিরাতে বসে মনের মাধুরী মিশিয়ে ছবি আঁকেন। কখনো প্রেম, কখনো দ্রোহ, রাষ্ট্রীয় স্বার্থ, নারীমুক্তি কিংবা প্রতিবাদের প্রতিচ্ছবি ফুটে উঠে তার প্রতিটি চিত্রকর্মে। রবিনের আঁকা বেশ কিছু ছবি জায়গা করে নিয়েছে ভিনদেশীদের পছন্দের তালিকায়। এবার তার আঁকা একটি ছবি লাখ টাকায় কিনে নিলেন দুবাই প্রবাসী এক ব্যবসায়ী। 

‘জরায়ু’ শিরোনামে আঁকা ছবিটি ইকো গ্যালারি থেকে সম্প্রতি আট হাজার দিরহামে কেনেন দুবাই প্রবাসী ব্যবসায়ী অতশী তনি, যা বাংলাদেশি মূল্যে প্রায় ১ লাখ ৮৪ হাজার টাকা।

অতশী তনি ছবিটির বিষয়বস্তু ও মূল্যায়ন সম্পর্কে সমকালকে বলেন, আমার বাবা ছিলেন একজন চিত্রকর্ম সংগ্রহকারী। বিশ্বের অনেক শিল্পীর ছবি আছে আমাদের কাছে। জাহেদ রবিনের এই ছবিটি ইকো গ্যালারিতে নিলামে উঠলে আমার নজরে আসে। ছবির মান ও বিষয়বস্তু আমাকে আকৃষ্ট করেছে। বিশেষ করে এই ছবিতে শিল্পী মায়ের সম্মান ও মাতৃত্বকে তার রংতুলিতে অনেক সুন্দরভাবে তুলে ধরেছেন। তাই আগ্রহী হয়ে আট হাজার দিরহামে ছবিটি সংগ্রহ করি।

অতশী তনি আরো বলেন, রবিনের চিত্রকর্মগুলো বাস্তবতা ফুটে উঠে। তার আঁকা অনেক ছবিই ভাল লাগার মত, মন ছুঁয়ে যায়। তবে আমার কেনা এই ছবিটি নিয়ে অন্য ভাবনা আছে, সেটি আমি সময়ের সঙ্গে প্রকাশ করব।

অমর একুশে গ্রন্থমেলায় অনেক লেখকের বইয়ের প্রচ্ছদ আঁকেন তরুণ চিত্রশিল্পী জাহেদ রবিন। রবিন এ পর্যন্ত এঁকেছেন প্রায় সাত শতাধিক চিত্রকর্ম। বিশ্বখ্যাত ব্যক্তিত্ত্ব, দেশের বরেণ্য নেতা, বিখ্যাত খেলোয়াড় থেকে শুরু করে প্রিয় তারকাদের মুখ সবই এঁকেছেন তিনি। 

দীর্ঘ বিরতির পর ২০১৯ সালে এঁকেছেন ‘জরায়ু’, ‘মাতৃত্ব’ ও ‘পৃথিবীর পথ’ নামে আরো তিনটি ছবি।

এই চিত্রকর্ম সম্পর্কে জানতে চাইলে রবিন বলেন, ‘জরায়ু’ নামের এই চিত্রকর্মে বিশেষত জরায়ুতে মাতৃত্ব এবং গর্ভকালীন সন্তান লালনের বিষয়টি তুলে ধরা হয়েছে। মায়ের মুখের আহার থেকেই সন্তানের শারীরিক বৃদ্ধিও স্থান পেয়েছে এতে। অথচ পৃথিবীতে আসার পর মানুষ এই অঙ্গকে শুধু কামনার দৃষ্টিকোণ থেকে দেখে কিন্তু নারীর প্রতি যে সম্মান বা শ্রদ্ধাবোধ থাকা দরকার সেই বিষয়টিই চিত্রকর্মে তুলে ধরার চেষ্টা করেছি। এই ছবিটি আমার কাছ থেকে ইকো গ্যালারি সংগ্রহ করে নিলামে তোলে। নিলাম থেকে দুবাই প্রবাসী ব্যবসায়ী অতশী তনি এটি কিনে নেন।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জাফরপুর গ্রামে রবিনের জন্ম। তিন বোনের একমাত্র ভাই রবিনের বাবা ছিলেন মুক্তিযোদ্ধা।


আরও পড়ুন

×