ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

২২ মে থেকে জানুয়ারি শুরু ‘নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা’

২২ মে থেকে জানুয়ারি শুরু ‘নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা’
×

জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সংবাদ সম্মেলন করা হয়। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬ | ০২:৩৮ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬ | ০২:৪০

আগামী ২২ থেকে ২৫ মে ২০২৬-এ শুরু হবে নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার ৩৫তম আসর। ১৯৯২ সালে দেশের বাইরে শুরু হওয়া বাংলা ভাষার বই ঘিরে এই মেলা এ বছর ৩৫ বছরের মাইলফলক স্পর্শ করছে। 

‘যত বই, তত প্রাণ’ স্লোগান নিয়ে আন্তর্জাতিক পরিসরে বাংলা বইমেলাটি গত কয়েক বছরের মতো এবারও অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে। 

বুধবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান মেলার আয়োজক সংস্থা মুক্তধারা ফাউন্ডেশন। সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন ৩৫তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬-এর আহ্বায়ক অর্থনীতিবিদ ড. নজরুল ইসলাম। 

তিনি বলেন, এবারের বইমেলা একটা মাইলফলক। ৩৫ বছরের এই মাইলফলকে এসে আমরা চাইব, বাংলা ভাষার এই মেলাকে আমেরিকার মূলধারার সঙ্গে আরো বেশি সংযোগ ঘটাতে। বাংলা ভাষা এবং বাংলা ভাষার বইকে আন্তর্জাতিক পরিসরে আরও বেশি যুক্ত করার জন্য আমরা নানা চিন্তা এবং পদক্ষেপ গ্রহণ করছি। আশা করছি, সবার সহযোগিতায় বরাবরের মতো এবারও আমরা একটি সেফল আয়োজন সম্পন্ন করতে পারব।

সংবাদ সম্মেলনে মুক্তধারা ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. জিয়াউদ্দিন আহমেদ বলেন, নিউইয়র্ক বইমেলার সবচেয়ে আনন্দের বিষয় হলো- বাংলা বই ঘিরে পুরো আমেরিকার বাংলা ভাষার বইপ্রেমিদের একটা মেলবন্ধন ঘটে। এর সঙ্গে শুধু বাংলাদেশ বা পশ্চিমবঙ্গের বাংলা ভাষাভাষী লেখক নন, ইউরোপ বা অন্যান্য দেশে ছড়িয়ে থাকা লেখক-পাঠকের সঙ্গে যুক্ত হয়ে মূল ভূখণ্ড থেকে অনেক দূরের এক দেশে বাংলা ভাষাকে ভালোবেসে মিলিত হয়। তাছাড়া প্রতি বছর এ মেলার কলেবর বড় হচ্ছে। আরও বেশি করে বাংলা ভাষাভাষী মানুষের সঙ্গে যুক্ত হচ্ছে। এটা সত্যি আনন্দের।

সাংবাদিক সম্মেলনে লেখক সাদাত হোসাইন বলেন, দেশের বাইরে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি চর্চায় নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা বাঙালির প্রাণ কেন্দ্র হয়ে উঠেছে।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ডা. ফারুক আজম। আজকের সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন- ডা. মঈনউদ্দীন মুনশী, কানাডা প্রবাসী লেখক জসিম মল্লিক, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও কালের কণ্ঠ সম্পাদক কবি হাসান হাফিজ, কথাসাহিত্যিক সাদাত হোসাইন, মীর হাকিম এবং মনিরুল হক-প্রকাশক; অনন্যা, আলমগীর সিকদার লোটন-প্রকাশক; আকাশ পাবলিবেশন্স, অংকুর প্রকাশনার মেজবাহ উদ্দিন আহম্মেদ, দেলওয়ার হাসান, প্রকাশক, আবিষ্কার। 

এছাড়া মুক্তধারা ফাউন্ডেশন থেকে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কার্যকরী কমিটির সদস্য ও ২০২৬ বইমেলার অর্থ কমিটির প্রধান ডা. ফাতেমা আহমেদ ও কার্যকরী কমিটির সদস্য কবি ইউসুফ রেজা।

গত ৩৪ বছর ধরে অনুষ্ঠিত নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার উদ্বোধন করেছেন একজন লেখক। অনেক মন্ত্রী বা গণ্যমান্য ব্যক্তি উপস্থিত থাকলেও বাংলা ভাষার এক বা একাধিক লেখক প্রতিবছর বইমেলার উদ্বোধন করেন। এ পর্যন্ত যারা নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার উদ্বোধন করেছেন তাদের মধ্যে আছেন- সাদাত হোসাইন, মুহম্মদ নূরুল হুদা, শাহাদুজ্জামান, অমর মিত্র, আসাদ চৌধুরী, অধ্যাপক রফিকুল ইসলাম, ফরিদুর রেজা সাগর, রামেন্দু মজুমদার, পবিত্র সরকার, সেলিনা হোসেন, আবদুল্লাহ আবু সায়ীদ, মহাদেব সাহা,  নির্মলেন্দু গুণ, শামসুজ্জামান খান, তপন রায়চৌধুরী, সৈয়দ শামসুল হক, হাসান আজিজুল হক, রফিক আজাদ, গোলাম মুরশিদ, সমরেশ মজুমদার, আনিসুজ্জামান, সুনীল গঙ্গোপাধ্যায়, আনিসুল হক, আবদুন নূর, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, রাবেয়া খাতুন, সমরেন্দ্র সেনগুপ্ত, জয় গোস্বামী, হুমায়ুন আজাদ, ইমদাদুল হক মিলন, আবদুল মতিন, দিলারা হাশেম, হুমায়ুন আহমেদ, সৈয়দ মোহাম্মদ উল্লাহ, পূরবী বসু, আবদুল গাফফার চৌধুরী,  মুহাম্মদ জাফর ইকবাল, শহীদ কাদরী, জ্যোতিপ্রকাশ দত্ত প্রমুখ।

আরও পড়ুন

×