লন্ডনে গাফ্ফার চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত
ছবি : সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ মে ২০২৬ | ০৪:৫৫ | আপডেট: ২৬ মে ২০২৬ | ০৫:০৬
লন্ডনে পালিত হলো সাংবাদিক, সাহিত্যিক ও অমর একুশের গানের রচয়িতা আব্দুল গাফ্ফার চৌধুরী–এর চতুর্থ মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে শুক্রবার (২২ মে) পূর্ব লন্ডনের লন্ডন বাংলা প্রেস ক্লাব মিলনায়তনে স্মরণসভার আয়োজন করে যুক্তরাজ্যস্থ একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।
সংগঠনের সভাপতি সৈয়দ এনাম ইসলামের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মুস্তাফিজুর রহমান বেলালের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে গাফ্ফার চৌধুরীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক জুয়েল রাজ।
সভাপতির বক্তব্যে সৈয়দ এনাম ইসলাম বলেন, ব্রিটিশ-বাংলাদেশি নতুন প্রজন্মের আত্মপরিচয় ও ইতিহাসচেতনা গড়ে তুলতে গাফ্ফার চৌধুরীকে স্মরণে রাখা অত্যন্ত জরুরি। তিনি বলেন, বাংলা ভাষা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং বাংলাদেশের ইতিহাস যতদিন থাকবে, ততদিন আব্দুল গাফ্ফার চৌধুরীর নামও মানুষের হৃদয়ে অম্লান থাকবে।
বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন বলেন, গাফ্ফার চৌধুরী ছিলেন মুক্তিযুদ্ধের চেতনা ও সামাজিক ন্যায়বিচারের প্রশ্নে এক অকুতোভয় সৈনিক। তিনি মুক্তিযুদ্ধভিত্তিক গণসাংস্কৃতিক আন্দোলনেরও গুরুত্বপূর্ণ প্রেরণা ছিলেন।
তিনি বলেন, গাফফার চৌধুরীর ছায়ায় আমরা শক্তি পেতাম। আজ তাঁকে বাঁচিয়ে রাখা মানে আমাদের মেহনতি মানুষের বাঙালি জাতীয়তাবাদকে বাঁচিয়ে রাখার সংগ্রামকে এগিয়ে নেওয়া।
স্মরণসভায় আরও বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি জামাল আহমদ খান, যুক্তরাজ্য রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল বাছির, আঙুর মিয়া, তারিফ আহমেদ, শাহেদ রহমান, শাহাব উদ্দিন বাচ্চু, আজিজ চৌধুরী, হাবিবুর রহমান, আহাদ চৌধুরী, মুজিবুল হক মনি, লিটন শিকদার, সাবেক মন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, কবি হামিদ মোহাম্মদ, হরমুজ আলী, সৈয়দা নাজনিন সুলতানা শিখা, অলিউর রহমান অলি, ঊর্মী মাজহার, সাংবাদিক মাতিয়ার চৌধুরী, নূর উদ্দিন আহমেদ, সাংবাদিক আবু মূসা হাসান, নীলুফা হাসান, ড. আনসার আহমদ উল্লাহ, ড. আনিসুর রহমান আনিস, ইয়াসমিন সুলতানা পলিন ও মোস্তফা কামাল মিলন।
বক্তারা আব্দুল গাফ্ফার চৌধুরীর সঙ্গে তাঁদের ব্যক্তিগত স্মৃতিচারণ করে বলেন, তিনি প্রগতিশীল রাজনীতি, শিল্প ও সাহিত্য অঙ্গনের মানুষের জন্য এক বিশাল আশ্রয় ছিলেন। ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি সংকটময় সময়ে তাঁর লেখনী সাহসী ও প্রভাবশালী ভূমিকা রেখেছে বলেও উল্লেখ করেন তাঁরা। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- মৃত্যুবার্ষিকী
