ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

টরন্টো কবিতা উৎসব, যেনো এক খণ্ড বাংলাদেশ

টরন্টো কবিতা উৎসব, যেনো এক খণ্ড বাংলাদেশ
×

টরন্টো কবিতা উৎসবে কবিতা পাঠ করছেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়।

সমকাল ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫ | ০৪:৫৩

কানাডার টরন্টোয় আয়োজিত হলো টরন্টো কবিতা উৎসব ২০২৫। টরন্টোর টেইলর ক্রিক পার্কের খোলা আকাশ আর প্রাকৃতিক সৌন্দর্যের আবহে দিনব্যাপী এই উৎসব হয়ে উঠেছিল যেনো এক খণ্ড বাংলাদেশ। কবিতা, আবৃত্তি আর সাহিত্যচর্চার আবহে মিলিত হন নানা ভাষার কবি, আবৃত্তিশিল্পী, সাহিত্যপ্রেমী ও সংস্কৃতিকর্মীরা।

বাংলাদেশের বিশিষ্ট আবৃত্তিশিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায় উৎসবের উদ্বোধন করেন। উদ্বোধনী আসরে শুভেচ্ছা বক্তব্য দেন কানাডার কবি প্যাট কনরস ও প্রাবন্ধিক টেরি বারকার। আয়োজক পর্ষদের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন কবি কাজী হেলাল।

আবৃত্তি পরিবেশনায় অংশ নেয় টরন্টোর বাংলা আবৃত্তিদল বাচনিক, অন্যস্বর, উত্তরের জানালা এবং লেখক সংগঠন রাইটার্স ক্লাব। একক আবৃত্তিতে ছিলেন সুমন মালিক, মার্জিয়া মৌ, দিলারা নাহার বাবু, আনিসা রশীদ লাকী, সুরাইয়া উর্মি, নাইমা সিদ্দীকা, অরুণা হায়দার, মুনিয়া মিলি, জুলিয়া নাসরিন, আইনুন আফরোজ, ফ্লোরা সূচী ডি রোজারিও, সৈয়দা আম্মাতুল ফাতেমা রোজসহ আরও অনেকে।

কবিতা পাঠে অংশ নেন কানাডার সপ্তম পোয়েট লরিয়েট কবি জর্জ এলিয়ট ক্লার্কসহ কবি জামিল রায়হান, প্যাট কনরস, বজলুস শহীদ, জিওভানো রিক্কো, শিউলী জাহান, রিচার্ড গ্রীন, তসলিমা ইসলাম, কারেন শেনফেল্ড, ঋতুশ্রী ঘোষ, হানি নোভিক, সৈকত রুশদী, রোকো ডি গিয়াম, বাদল ঘোষ, মস্তোফা হক ও কার্ল ফ্লিসার।

এছাড়া বক্তব্য রাখেন চিত্রশিল্পী সৈয়দ ইকবাল, লেখক সুমন রহমান, সুব্রত কুমার দাশ, সাদী মোহাম্মদ ও নাট্যজন হাবিবুল্লাহ দুলাল। সমাপনী বক্তৃতা দেন কবি মেহরাব রহমান। দিনব্যাপী অনুষ্ঠানের বাংলা ও ইংরেজি ভাষার সঞ্চালনায় ছিলেন আবৃত্তিশিল্পী মেরী রাশেদীন ও সম্পূর্ণা সাহা।

উৎসবের নকশা ও পরিকল্পনায় কাজ করেন বাংলাদেশের শিল্পী মোমিন উদ্দীন খালেদ (পোস্টার ডিজাইন) ও কচি রানা (মঞ্চ পরিকল্পনা)। টরন্টো পোয়েট্রি ফেস্টিভ্যালের কিউরেটর ছিলেন কবি মেহরাব রহমান, কবি কাজী হেলাল, কবি নয়ন হাফিজ, আবৃত্তিশিল্পী মেরী রাশেদীন ও কবি পারভেজ চৌধুরী।

প্রবাসে থেকেও কবিতা আর সংস্কৃতির আবাহনে প্রাণ ভরে উঠেছিল টরন্টোর টেইলর ক্রিক পার্ক। উৎসবটি প্রমাণ করল—বিদেশের মাটিতেও বাঙালির সাহিত্য ও সংস্কৃতির চর্চা টিকে আছে অটুট বন্ধনে। সত্যিই, এদিনের টরন্টো হয়ে উঠেছিল যেনো এক খণ্ড বাংলাদেশ।

আরও পড়ুন

×