ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কাজের মাধ্যমে তুলে ধরুন নিজের পরিচয়

কাজের মাধ্যমে তুলে ধরুন নিজের পরিচয়
×

ফাইল ছবি

লালা এসেদি

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪ | ২৩:১৩

লালা এসেদি। মরোক্কান ফটোগ্রাফার। আরব নারীর স্টেজড-ফটোগ্রাফের জন্য বিখ্যাত এই কিংবদন্তির বিভিন্ন সাক্ষাৎকার থেকে অনুপ্রেরণার কথা তুলে এনেছেন ইমাম হোসেন মানিক 

শিল্পের কাছে কোনোদিনই ধরনা দিইনি আমি, বরং শিল্পই ধরা দিয়েছে আমার কাছে। সব সময় শিল্পী হতে চাইলেও এটিকে পেশা হিসেবে নেওয়ার কথা ভাবিনি। নিজেকে প্রকাশ করার জন্য যতটুকু প্রয়োজন, ততটুকু দক্ষতাই অর্জন করেছিলাম কেবল; কিন্তু আমার কাজ কখনও জনসমক্ষে দেখানো হবে, ভাবিনি এমন। অথচ গ্র্যাজুয়েট স্কুলের দিনগুলোতে সেটিই ঘটল। এক্সিবিশনে নিজের কাজগুলো রেখেছিলাম প্রদর্শনের জন্য; আর তা দেখে জনৈক সাংবাদিক নানা প্রশ্ন করতে থাকলেন। তারপর গ্যালারি কর্তৃপক্ষও আমার কাজের ব্যাপারে আগ্রহী হয়ে উঠলেন। তবে পেইন্টিং কিংবা অন্য যে কোনো ধরনের শিল্পকর্মই যখন আমি করি, এ সব নিয়ে অবশ্য মাথা ঘামাই না।
পশ্চিমা শিল্প এবং আরব নারীর ভূমিকা
আমার কাজগুলো প্রকৃত অর্থেই আত্মজৈবনিক। এ হলো মরক্কোয় আমার বেড়ে ওঠা এবং সৌদি আরবে তারুণ্যের অনেক বছর কাটানোর অভিজ্ঞতার নির্যাস। এই অভিজ্ঞতা আমার কাজকে নিঃসন্দেহে চালিত করে; তবে আমার কাজের ব্যাপ্তি আরব বিশ্ব কিংবা আরব সংস্কৃতিতে ছাড়িয়ে অনেক দূর বিস্তৃত। এটি সত্যিকার অর্থে পশ্চিমা শিল্পের সঙ্গে সম্পর্কযুক্ত; এবং তাতে আরব নারীর যা ভূমিকা– সেটি আমাকে ঝামেলায় ফেলে বেশ!
যে জন্য ফটোগ্রাফিতে নারীকে এভাবে উপস্থাপন...
উনিশ শতকের ওরিয়েন্টালিস্ট পেইন্টারদের কাজে ‘আবেদনময়তা’ সম্পর্কিত এক ধরনের অলীক কল্পনার বিস্তার ছিল; সেটিতে ভর করে তারা নিজেদের জগতের সঙ্গে বোঝাপড়া করতে চেয়ে ব্যর্থ হয়েছেন। জগৎকে ধারণ করার উদ্দেশ্যে তারা বেছে নিয়েছিলেন আরববিশ্ব, বিশেষত উত্তর আফ্রিকাকে; অথচ সেটির অস্তিত্ব নেই তাদের কাজে। দুর্ভাগ্যক্রমে, এ প্রবণতা শুধু তখনকার সময়েই নয়, এখনও চর্চিত হতে দেখা যায়। পশ্চিমা শিল্পে বিরাজ করা আরব নারীর সেই আইডিয়ার প্রতি সমুচিত জবাব হিসেবে এবং সেটি ভেঙে দিতেই নিজের ফটোগ্রাফিতে নারীকে এভাবে উপস্থাপন করি।
কাজটি তবে ঠিকঠাকই করছি 
নিজেকে আমি পেইন্টার ভাবি। কেননা, আমার বাবা ছিলেন পেইন্টার। ফলে ছোটবেলায় বাবার সঙ্গে তাঁর স্টুডিওতে রং আর পেন্সিল নিয়ে ড্রয়িং করতে করতে বড় হয়ে উঠেছি। সেই দিনগুলোর প্রতি আমার অশেষ ঋণ। অল্প বয়সেই বুঝে গিয়েছিলাম, পেইন্টার হতে চাই। রং দিয়ে মানুষের নাম আর শহরের ছবি ফুটিয়ে তুলতে বরাবরই ভীষণ ভালো লাগত আমার। আর স্কুলে গিয়ে অন্যদের সেগুলো দেখাতেই তারা যখন শিউরে উঠত, তখন ভাবতাম, কাজটা ঠিকঠাকই করতে পেরেছি!
নিজের দায়িত্ব
ইসলামী সংস্কৃতির মধ্যে জেন্ডার ইস্যুর তুলনা করে ওরিয়েন্টালিস্ট পেইন্টিংয়ের পশ্চিমা আবিষ্কারধর্মী প্রথা কি প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে একটি পার্থক্য জাহির করতে চায়নি? আমি সেটির মধ্যে একটি সেতু হয়ে কাজ করতে ভীষণ আগ্রহী। কেননা, আমি জানাতে চাই, ওরিয়েন্টালিস্ট পেইন্টিংগুলো স্রেফ পশ্চিমা পুরুষের মুগ্ধতা ও অলীক কল্পনার ফল। পশ্চিমা বিশ্বসহ সারা দুনিয়া যেভাবে দেখিয়ে আসছে, তার বিপরীতে আরব নারীর প্রকৃত রূপ নিজের কাজের মধ্যে ফুটিয়ে তোলা আমি দায়িত্ব মনে করি। 

আরও পড়ুন

×