ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

ধরিত্রী রক্ষায় বাংলাদেশের তরুণেরা

ধরিত্রী রক্ষায় বাংলাদেশের তরুণেরা
×
×

তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ৩১-এ বাংলাদেশ প্যাভিলিয়নের সামনে দেশের প্রতিনিধিত্ব করা তরুণরা... ছবি: সংগ্রহ

সোহানুর রহমান

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬ | ০৭:৪৪

| প্রিন্ট সংস্করণ

তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ৩১-এ এবার রেকর্ডসংখ্যক তরুণ অংশ নিয়েছেন। তরুণরা এবার ভুক্তভোগী হিসেবে নন, বরং নীতিনির্ধারক, উদ্ভাবক এবং সামনের সারির যোদ্ধা হিসেবে নিজেদের তুলে ধরেছেন। লিখেছেন জলবায়ু সুবিচারকর্মী সোহানুর রহমান

সম্মেলন শুরু হওয়ার আগেই বাংলাদেশের অবস্থানপত্র তৈরিতে যুক্ত ছিলেন তরুণেরা। সরকারি কারিগরি উপকমিটিতে আমি ও ইয়ুথ ফর এনডিসির প্রতিষ্ঠাতা আমানুল্লাহ পরাগ ভূমিকা রেখেছি। ফুটস্টেপসের শাহ রাফায়েত চৌধুরীর নেতৃত্বে তরুণেরা প্যাভিলিয়নের নকশা ও আয়োজন সামলেছেন। এবারের বাংলাদেশের প্যাভিলিয়ন আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক সাড়া ফেলেছে।
কপের আগে ৬৪ জেলার তরুণদের মতামত নিয়ে তৈরি যুব জলবায়ু অবস্থানপত্রে অগ্রাধিকার পেয়েছে অভিযোজনের সিদ্ধান্তে স্থানীয় মানুষের কর্তৃত্ব, ক্ষয়ক্ষতি মোকাবিলায় অর্থায়ন ও নীতিনির্ধারণে তরুণদের অংশগ্রহণ। সেপ্টেম্বরে একশনএইড বাংলাদেশ ও ব্রাইটার্সের আয়োজনে বাংলাদেশ যুব কপ শেষে অবস্থানপত্রটি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়। অক্টোবরে বাংলাদেশে প্রথমবারের মতো এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের যুব কপ বসে। নেতৃত্বে ছিল ‘সিক্ত’। (সিক্ত হলো বাংলাদেশের একটি যুব নেতৃত্বাধীন জলবায়ু ও পরিবেশবিষয়ক সংগঠনের নাম, যার ইংরেজি নাম SEECTO Bangladesh। সিক্ত শব্দের অর্থ হলো জলে ভেজা, আর্দ্র বা ভিজে যাওয়া।) সেখানে ২৮ দেশের তরুণেরা যৌথ বক্তব্য দেন। জাতিসংঘ মহাসচিবের জলবায়ুবিষয়ক যুব উপদেষ্টা দলের সদস্য ফারজানা ফারুক ঝুমু প্রস্তুতিপর্ব থেকেই আলোচনায় যুক্ত ছিলেন।

মহড়া থেকে কপের আলোচনায়
৯ নভেম্বর ২০২৬ শুরু হয়ে জাতিসংঘের জলবায়ু সম্মেলন শেষ হওয়ার নির্ধারিত দিন ছিল ২০ নভেম্বর। ইউনিসেফ বাংলাদেশের সহায়তায় ইয়ুথ ফর এনডিসি ‘ইয়ুথ ক্লাইমেট নেগোশিয়েটরস ফেলোশিপ’ থেকে সাতজনকে এবার কপে পাঠায়। পাঁচজন সরকারি প্রতিনিধি দলে যুক্ত ছিলেন। জুলাইয়ের আবাসিক প্রশিক্ষণে তারা দরকষাকষির মহড়া দেন। পরাগ অনুসরণ করেছেন প্যারিস চুক্তির লক্ষ্য অর্জনে অগ্রগতি পর্যালোচনা, জাতীয় জলবায়ু অঙ্গীকার বাস্তবায়ন ও একতরফা বাণিজ্যিক পদক্ষেপ নিয়ে আলোচনা। তাহমিদ জারিফ নজর রেখেছেন অর্থায়নে, সামিয়া মেহজাবীন স্নেহা অভিযোজনে, শাবিল আহমেদ ক্ষয়ক্ষতির তহবিলে আর কাশফিয়া কাসওয়ার চৌধুরী নিঃসরণ কমানোর আলোচনায়। ফিনল্যান্ড প্যাভিলিয়নে স্নেহা সবুজ অর্থনীতিতে শিশুদের স্বার্থ রক্ষায় ব্যবসা প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে আলোচনায় অংশ নেন।

প্রথম কপের অভিজ্ঞতা
সিডরের সময় বরগুনার বেতাগীর খায়রুল ইসলাম মুন্না ছিলেন শিশু। প্রথম কপে তাঁর লক্ষ্য ছিল ক্ষয়ক্ষতির আলোচনায় উপকূলবাসীর অভিজ্ঞতা তুলে ধরা। নওগাঁর বরেন্দ্র অঞ্চলের মামুনুর রেজা, সাতক্ষীরার জান্নাতুল নাইম, হবিগঞ্জের ইউক্যানের যুধিষ্ঠির চন্দ্র বিশ্বাস ও শরীয়তপুরের রিফাতেরও এটি প্রথম কপ। পার্বত্য চট্টগ্রামের প্রতিনিধিত্ব করেছেন বান্দরবানের লিলি প্রু মারমা ও তাওহীদ। তরুণেরা অধিবেশনে অংশ নিয়েছেন, সংলাপ আয়োজন করেছেন, প্রতিবাদ কর্মসূচি ও ধর্মঘটে সামনের সারিতে থেকেছেন। কক্সবাজারের জিমরান বর্জ্য শূন্যে নামিয়ে আনার উদ্যোগ বা ‘জিরো ওয়েস্ট’-এর কথা বলেছেন। ব্রাইটার্স ফাউন্ডেশনের সাইদুর রহমান সিয়ামের মতে, নতুনরা দেখেন কীভাবে নিজেদের দাবির পক্ষে অন্য দেশের সমর্থন গড়তে হয়। 

বাংলাদেশের পাঁচ প্রস্তাব
১২ নভেম্বর উচ্চ পর্যায়ের সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম প্রস্তাব ছিল দেশের নিজস্ব অগ্রাধিকার অনুযায়ী আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত অর্ধেক অভিযোজনে বরাদ্দ করা এবং নিঃসরণ কমাতেও সহায়তা দেওয়া। দ্বিতীয়টি, দুর্যোগের পর ঋণের কিস্তি দেওয়ার সময় বাড়ানো এবং জলবায়ু প্রকল্পে বিনিয়োগের বিনিময়ে ঋণের বোঝা কমানো। তৃতীয়টি, উন্নয়নশীল দেশগুলোর জন্য জলবায়ুবান্ধব প্রযুক্তি পাওয়ার ন্যায্য সুযোগ ও প্রযুক্তি হস্তান্তরে সহায়তা। চতুর্থ প্রস্তাব ছিল সাশ্রয়ী অর্থায়ন ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানিতে ন্যায্য রূপান্তর ত্বরান্বিত করা। পঞ্চমটি, ন্যায্য অর্থায়ন ও বাণিজ্যের ভিত্তিতে ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণ। তিনি মর্যাদাপূর্ণ সবুজ কর্মসংস্থান সৃষ্টি, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসে সীমিত রাখা এবং জলবায়ু উদ্যোগে নারী ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।

বিশ্বনেতাদের কাছে তরুণদের দাবি
নেদারল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যর্থনায় তরুণ নেতারা বিশ্বনেতাদের কাছে নিজেদের অগ্রাধিকার তুলে ধরেন। আলোচনায় আসে জলবায়ু পরিবর্তনে বাস্তুচ্যুত মানুষের কথা।
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় রাষ্ট্রগুলোর আইনি দায় স্পষ্ট করতে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপদেশগুলোর শিক্ষার্থীরা আন্তর্জাতিক বিচার আদালতের মতামত চেয়ে আন্দোলন করেছিলেন।

উপকূল ও চরের শিশুদের কথা
কুড়িগ্রামের চরের দুই শিক্ষার্থী জান্নাতি খাতুন ও মো. রাসেল বাবু ফ্রেন্ডশিপের মাধ্যমে সম্মেলনে অংশ নিয়েছে। সাতক্ষীরার আশাশুনির প্রতাপনগর থেকে এসেছে নবম শ্রেণির শিক্ষার্থী নওশীন ইসলাম। উপকূলীয় শিশু ফোরামের সভাপতি নওশীনের ভাষ্য, ‘জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের পড়াশোনা বন্ধ হয়, খাবারের অভাব হয়, বাল্যবিবাহ বাড়ে।’ 

পানি আনার দায়িত্ব কার?
গ্লোবাল ফিউচারস প্যাভিলিয়নে আমি কয়রা ও আশাশুনির খাবার পানির লবণাক্ততা ও হৃদ্‌রোগের ঝুঁকি নিয়ে আইসিডিডিআর’বি ও ইমপেরিয়াল কলেজ লন্ডনের গবেষণার প্রাথমিক ফল তুলে ধরি। প্রস্তাব আসে উৎসে লবণাক্ততা পরীক্ষা ও স্বাস্থ্যকেন্দ্রে সেবা বাড়ানোর। কাছের পানি লবণাক্ত হলে দূর থেকে পানি আনার বাড়তি সময়টা কে দেবে? টুভালুর প্রধানমন্ত্রী ফেলেতি তেওর সঙ্গে আলাপে আমি ন্যায্য রূপান্তরে পুরুষ ও কিশোরদের ভূমিকার কথা তুলেছিলাম। 

আগামী কপে যেতে চাইলে
যুব কপ ও কর্মশালায় সমমনা সংগঠকদের সঙ্গে নেটওয়ার্ক গড়ুন। লিংকডইনে যুব সংগঠন ও ফেলোশিপ আয়োজকদের অনুসরণ করুন। ‘ব্লু জোনে’ প্রবেশের ব্যাজের জন্য সরকারি প্রতিনিধি দল বা স্বীকৃত পর্যবেক্ষক সংস্থার মাধ্যমে মনোনয়ন ও নিবন্ধনের সুযোগ খুঁজুন। ভ্রমণবৃত্তির আবেদনে যাতায়াত ও থাকার খরচ দেখান। কোন আলোচনা অনুসরণ করবেন, এলাকার জন্য তা কেন জরুরি আর ফিরে কাদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করবেন, আবেদনে লিখুন।

সম্মেলনের পর তরুণদের প্রত্যাশা
বাংলাদেশ প্যাভিলিয়নে সরকারের কাছে তরুণদের সংগঠনের জন্য দেশি-বিদেশি তহবিলপ্রাপ্তি সহজ করা ও ভ্যাট-কর কমানোর দাবি জানিয়েছি। অনুদানদাতাদের কাছে চেয়েছি সহজ আবেদনপদ্ধতি ও সরাসরি অর্থায়ন। ৬৪ জেলার তরুণদের কোন প্রস্তাব গৃহীত হলো, কোন দপ্তর দায়িত্ব পেল, কত টাকা বরাদ্দ হলো, তা প্রকাশ করলে তারা অগ্রগতি দেখতে পারবেন।
বাংলাদেশের তরুণেরা প্রস্তুত। আনতালিয়ায় তরুণ প্রতিনিধিরা দরকষাকষি শিখেছেন। আমার আশা, আগামী কপের আগেই তরুণেরা নিজেদের এলাকায় কাজের সুযোগ ও পর্যাপ্ত সহায়তা পাবেন। তখন নওশীনদের কাছ থেকেই শুনব, দুর্যোগের পর সহপাঠীদের ক্লাসে ফেরাতে কোন উদ্যোগ সবচেয়ে কাজে দিয়েছে। 

আরও পড়ুন

×