ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

লিডারশিপ সামিটে বক্তারা

ভবিষ্যতের উপযোগী করে প্রতিষ্ঠান সাজাতে হবে

ভবিষ্যতের উপযোগী করে প্রতিষ্ঠান সাজাতে হবে
×
×

ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬ | ১৯:৩১

বৈশ্বিক বাণিজ্যের পরিবর্তন, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ এবং দ্রুত প্রযুক্তিগত রূপান্তরের কারণে বাংলাদেশ এখন গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। এ পরিস্থিতিতে প্রবৃদ্ধির প্রচলিত ধারণা নতুন করে ভাবতে হবে, প্রতিষ্ঠানগুলোকে ভবিষ্যতের উপযোগী করে সাজাতে হবে এবং পরিকল্পনার দৃশ্যমান ফল নিশ্চিত করতে হবে। বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের ফ্ল্যাগশিপ আয়োজন লিডারশিপ সামিটে এমন তাগিদ দিয়েছেন বক্তারা।

রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আজ সোমবার দশম লিডারশিপ সামিট অনুষ্ঠিত হয়। ইউনাইটেড গ্রুপের পরিবেশনায়, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ ও এশিয়ান পেইন্টস বাংলাদেশের সঞ্চালনায় এবং নেসলে বাংলাদেশ ও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় এ সামিটের আয়োজন করা হয়।

দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতা, নীতিনির্ধারক, বৈশ্বিক প্রতিষ্ঠানের নির্বাহী ও শিক্ষাবিদরা এতে অংশ নেন। এবারের সামিটের প্রতিপাদ্য ছিল ‘বাংলাদেশ অ্যাট আ ক্রসরোডস: রিইমাজিন. রিডিজাইন. ডেলিভার’। বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম বলেন, পুরোনো পথে হেঁটে আর এগোনো সম্ভব নয়। তাই নতুন করে ভাবার সাহস, পুনর্গঠনের শৃঙ্খলা এবং ফল অর্জনের অঙ্গীকার নিয়ে নেতাদের এগিয়ে আসতে হবে।

দিনব্যাপী সামিটে চারটি মূল প্রবন্ধ উপস্থাপন, একটি ফায়ারসাইড আলোচনা, একটি কেস স্টাডি, তিনটি প্যানেল আলোচনা ও একটি অংশগ্রহণমূলক অধিবেশন অনুষ্ঠিত হয়।

মূল প্রবন্ধ উপস্থাপন পর্বে ইউএনডিপি বাংলাদেশের কান্ট্রি ইকোনমিক অ্যাডভাইজার ওয়াইস প্যারে দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ প্রবৃদ্ধির পথ নিয়ে আলোচনা করেন। জিও ইনস্টিটিউটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক দীপক সি. জৈন দ্রুত পরিবর্তনশীল বিশ্বে নেতা ও প্রতিষ্ঠানগুলোর নিজেদের নতুন করে গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন। টেলিনর গ্রুপের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিগভে ব্রেকে অনিশ্চিত ভবিষ্যতের জন্য প্রস্তুত ও টেকসই প্রতিষ্ঠান গড়ার উপায় নিয়ে আলোচনা করেন।

বিশেষ ফায়ারসাইড আলোচনায় অংশ নেন স্কয়ার ফার্মার ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী এবং ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক সৈয়দ ফরহাত আনোয়ার। দীর্ঘস্থায়ী প্রতিষ্ঠান গড়ে তোলা এবং নতুন প্রজন্মের নেতৃত্বের মূল্যবোধ নিয়ে তারা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন।

সামিটের অন্যান্য অধিবেশনে বক্তব্য দেন গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান, এইচএসবিসি বাংলাদেশের সিইও মো. মাহবুব উর রহমান, এসিআইর ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা, ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক হাসান ও. রশিদ, রেনেটার ব্যবস্থাপনা পরিচালক কাইসার কবির এবং বার্জার পেইন্টসের নির্বাহী পরিচালক রূপালী চৌধুরীসহ অনেকে।

দশম লিডারশিপ সামিটে বক্তারা বলেন, বাংলাদেশের আগামী দিনের অগ্রযাত্রা নির্ভর করবে এমন নেতৃত্বের ওপর, যারা পরিকল্পনাকে বাস্তব ফলাফলে রূপ দিতে পারবেন।

আরও পড়ুন

×