ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতাল

১,৮৬৮ কোটি টাকায় নির্মাণ, পূর্ণাঙ্গ চালু করতে চায় ১,৪১০ কোটি

১,৮৬৮ কোটি টাকায় নির্মাণ, পূর্ণাঙ্গ চালু করতে চায় ১,৪১০ কোটি
×
×

ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬ | ১৯:০৯

বিশ্বমানের বিশেষায়িত চিকিৎসাসেবা নিশ্চিত করতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালু করতে সরকারের কাছে ১ হাজার ৪১০ কোটি ৭ লাখ ৮৮ হাজার ৯৮৩ টাকা চেয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসক, নার্স ও অন্যান্য জনবল নিয়োগ, চিকিৎসা সরঞ্জাম কেনা, অবকাঠামো উন্নয়ন এবং বিভিন্ন বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র চালুর জন্য এ অর্থ প্রয়োজন বলে জানিয়েছে তারা। যদিও পূর্ণাঙ্গ হাসপাতালটি নিমার্ণে প্রায় ১,৮৬৮ কোটি টাকা ব্যয় হয়েছে।

সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে জরুরি ভিত্তিতে বিশেষ বরাদ্দ চেয়ে আবেদন করা হয়। সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কাছে বরাদ্দের যৌক্তিকতা ও বিস্তারিত তথ্যসংবলিত আবেদনপত্র হস্তান্তর করেন বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পেলে পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করা সম্ভব হবে। এতে লিভার ও কিডনি প্রতিস্থাপন, আধুনিক হৃদরোগ ও স্ট্রোক চিকিৎসাসহ জটিল রোগের বিশেষায়িত সেবা দেশে দেওয়ার সুযোগ তৈরি হবে। বিদেশে চিকিৎসা নিতে যাওয়া রোগীদের একটি অংশকে দেশেই উন্নত চিকিৎসা দেওয়ার লক্ষ্য নিয়ে হাসপাতালটি প্রতিষ্ঠা করা হয়েছিল।

বরাদ্দের আবেদনে চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট ও অন্যান্য কর্মীর বেতন-ভাতা, বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ, চিকিৎসা ও শল্যচিকিৎসার সরঞ্জাম কেনা এবং অবকাঠামোগত উন্নয়নের জন্য অর্থ চাওয়া হয়েছে।

আবেদনে লিভার ট্রান্সপ্লান্ট ও হেপাটোবিলিয়ারি-প্যানক্রিয়াটিক সেন্টার, কিডনি ট্রান্সপ্লান্ট ও ডিজিজ সেন্টার, কার্ডিওভাসকুলার ও স্ট্রোক সেন্টার, অনকোলজি, রেডিওলজি ও ইমেজিং এবং বিশেষায়িত জরুরি চিকিৎসাসেবা চালুর পরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছে। এ ছাড়া বন্ধ্যাত্ব চিকিৎসা এবং নারী, মাতৃ ও শিশুস্বাস্থ্য সেবার জন্য বিশেষায়িত কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। হাসপাতালটিতে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ), নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র (এনআইসিইউ) ও শিশুদের নিবিড় পরিচর্যা কেন্দ্র (পিআইসিইউ) চালুর জন্যও বরাদ্দ চাওয়া হয়েছে।

অবকাঠামো উন্নয়নেও বিপুল অর্থ প্রয়োজন হাসপাতালটির অপারেশন থিয়েটার, ল্যাবরেটরি, মেডিকেল গ্যাস প্ল্যান্ট, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, চিলার, বিদ্যুৎ সাবস্টেশন ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা স্থাপনসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ওয়ার্ড, কেবিন, রোগীদের অপেক্ষাকক্ষ, পার্কিং, ক্যাফেটেরিয়া ও অন্যান্য স্থাপনা সংস্কারের জন্যও অর্থ চাওয়া হয়েছে।

হাসপাতালটি প্রতিষ্ঠার পর থেকে গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিএমইউর নিজস্ব অর্থায়নে সীমিত পরিসরে পরিচালিত হয়েছে। ১ অক্টোবর থেকে বিএমইউ সুপার হাসপাতাল লিমিটেড নামে জয়েন্ট স্টক কোম্পানিতে নিবন্ধিত হয়েছে প্রতিষ্ঠানটি। বিএমইউর পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বাস্থ্যমন্ত্রী বরাদ্দের বিষয়ে প্রয়োজনীয় আশ্বাস দিয়েছেন এবং হাসপাতালের কার্যক্রম দ্রুত সম্পন্ন করার নির্দেশনা দিয়েছেন।

হাসপাতালের পরিচালক সাইফ উল্লা মুন্সি বলেন, হাসপাতালটির সংস্কারসহ বেশ কিছু কাজ এখনও বাকি রয়েছে। নিয়োগপ্রাপ্ত জনবলের জন্য বিশেষ বরাদ্দের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। জনবল নিয়োগের প্রক্রিয়াও শুরু হয়েছে। আগামী জানুয়ারির মধ্যে হাসপাতালটি পুরোদমে চালুর চেষ্টা চলছে।

আরও পড়ুন

×