ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডে

‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডে
×
×

শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে আদালতে হাজির করা হয়। ছবি- সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬ | ১৮:৫৫

নিউ মার্কেট এলাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ টিটন হত্যা মামলায় ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলামকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল রিমান্ডের আদেশ দেন।

প্রসিকিউশন পুলিশের এসআই মোক্তার হোসেন এ তথ্য জানিয়েছেন। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পরিদর্শক ইরফান খান তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

গত ২৮ এপ্রিল রাতে ঢাকার নিউ মার্কেটের পাশে শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটনকে গুলি করে হত্যা করা হয়। এরপর রোববার গভীর রাতে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে আসলামকে আটক করে ইমিগ্রেশন পুলিশ।

এদিন বিকেল পৌণে ৫টার দিকে তাকে রিমান্ড শুনানির জন্য পুলিশি পাহারায় আদালতে তোলা হয়। পরে বিচারক এজলাসে উঠলে তদন্ত কর্মকর্তা রিমান্ডের যৌক্তিকতা তুলে ধরেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে আসামিকে তদন্তের স্বার্থে জেলগেটে জিজ্ঞাসাবাদের আবেদন জানিয়ে শুনানি করেন।

ডিবি কর্মকর্তারা বলছেন, সুইডেন আসলামের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন বিষয়ে অন্তত শতাধিক অভিযোগ রয়েছে ডিএমপি কমিশনারের কার্যালয়ে। তার বিরুদ্ধে অন্তত পাঁচটি টর্চার সেল পরিচালনার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে তাকে ধরতে পুলিশের তৎপরতার মধ্যে দেশ ছাড়তে চেয়েছিলেন সুইডেন আসলাম।

১৯৮৬-৮৭ সালের দিকে রাজধানীল রাজাবাজার ও ইন্দিরা রোড এলাকায় অপরাধজগতে তার উত্থান ঘটে। নব্বইয়ের দশকে কারওয়ান বাজার, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল ও শেরেবাংলা নগরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অপরাধজগতের নিয়ন্ত্রণ নিয়ে তার নাম আলোচনায় আসে। বিভিন্ন সময়ে আসলামের বিরুদ্ধে ২২টি মামলা হয়েছিল, যার মধ্যে নয়টি ছিল হত্যা মামলা। অস্ত্র মামলাসহ কয়েকটি মামলায় তার সাজা হয়। ১৯ বছরের বেশি সময় কারাভোগের পর চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে ওই বছরের ৩ সেপ্টেম্বর তিনি কারামুক্ত হন।

মামলার বিবরণে বলা হয়েছে, টিটন ২০২৫ সালের ১৩ অগাস্ট আদালত থেকে জামিন পেয়ে কারামুক্ত হন।

চলতি বছর ২৮ এপ্রিল রাত ১১টার দিকে ঢাকা নিউ মার্কেট থানাধীন শাহনেওয়াজ হলের সামনে বটতলায় তার ছোট ভাই টিটনকে গুলি করে। পরে তাকে উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ২৯ এপ্রিল রিপন বাদী হয়ে নিউমার্কেট থানায় অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা করেন।

আরও পড়ুন

×