‘স্লিপ অব টাং’ বললেন এবি পার্টির ফুয়াদ, সতর্ক করলেন ট্রাইব্যুনাল
বিচারপ্রক্রিয়া নিয়ে বিরূপ মন্তব্য
ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬ | ১৫:৪৩
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে আদালত অবমাননার বিষয়ে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে সতর্ক করেছেন ট্রাইব্যুনাল। ভবিষ্যতে এ ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকার নির্দেশও দেওয়া হয়েছে তাকে। নিজের মন্তব্যকে ‘স্লিপ অব টাং’ বা অনিচ্ছাকৃত ভুল বলে ব্যাখ্যা দিয়ে ভবিষ্যতে সতর্ক থাকার আশ্বাস দিয়েছেন তিনি।
সোমবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ বিষয়ে শুনানি শেষে আবেদনটি নিষ্পত্তি করেন।
এদিন ট্রাইব্যুনালে সশরীরে হাজির হয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা দেন ফুয়াদ। তার বক্তব্য শোনার পর ট্রাইব্যুনাল তাকে সতর্ক করেন। ভবিষ্যতে বিচারপ্রক্রিয়া নিয়ে এ ধরনের মন্তব্য না করার নির্দেশ দিয়ে আদালত অবমাননার অভিযোগটি নিষ্পত্তি করা হয়।
শুনানিতে নিজের বক্তব্যের ব্যাখ্যায় ফুয়াদ বলেন, গত ২৮ অক্টোবর রাজনৈতিক একটি সভায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও ভুক্তভোগীদের নিয়ে বিভিন্ন কথা বলেছিলেন তিনি। তবে ট্রাইব্যুনালে ‘বস্তায় বস্তায় লেনদেন হচ্ছে’-এমন কোনো বক্তব্য তিনি দেননি। বিভিন্ন গণমাধ্যমে তার বক্তব্য ভুলভাবে এসেছে বলেও দাবি করেন তিনি।
ফুয়াদ আরও বলেন, ট্রাইব্যুনালকে লক্ষ্য করে কথা বলার কোনো উদ্দেশ্য তার ছিল না। তিনি পুরো বিচারব্যবস্থা নিয়ে কথা বলেছেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) একটি প্রতিবেদন উদ্ধৃত করে দুর্নীতির বিষয়টি তুলে ধরেছিলেন।
এ সময় ট্রাইব্যুনাল বলেন, ‘বস্তায় বস্তায় লেনদেন হচ্ছে’-এ ধরনের বক্তব্য বড় ধরনের অপরাধ। আদালত অবমাননার দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছয় মাসের কারাদণ্ড হয়েছে উল্লেখ করে ট্রাইব্যুনাল বলেন, আদালত অবমাননা করলে কারাগারে যেতে হয়।
ট্রাইব্যুনাল আরও বলেন, ফুয়াদ একজন আইনজীবী ও সম্মানিত ব্যক্তি। তার কাছ থেকে এ ধরনের বক্তব্য প্রত্যাশিত নয়। রাষ্ট্র ও প্রতিষ্ঠানকে সম্মান করতে হবে। কারণ, একজনের বক্তব্যে কোনো প্রতিষ্ঠানের ওপর মানুষের আস্থা নষ্ট হতে পারে। তাই ভবিষ্যতে কথা বলার ক্ষেত্রে তাকে সতর্ক থাকতে হবে।
পরে নিজের মন্তব্যকে ‘স্লিপ অব টাং’ বা অনিচ্ছাকৃত ভুল বলে উল্লেখ করেন ফুয়াদ। ভবিষ্যতে এ ধরনের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার আশ্বাস দেন তিনি। পাশাপাশি বিচারব্যবস্থাকে যেকোনো ধরনের সহযোগিতা করার কথাও জানান।
এর আগে গত ১ নভেম্বর স্বপ্রণোদিত হয়ে আদালত অবমাননার অভিযোগে ফুয়াদকে তলব করেন ট্রাইব্যুনাল-১। তাকে সশরীরে হাজির হয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা দেওয়ার জন্য দিন ধার্য করা হয়েছিল।