ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সুইডেন আসলামকে

টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সুইডেন আসলামকে
×
×

শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন ও শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

সমকাল প্রতিবেদক ‎

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬ | ১৩:৫৫ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৬ | ১৫:০২

রাজধানীর নিউমার্কেট এলাকায় শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ ওরফে টিটন হত্যা মামলায় আরেক শীর্ষ সন্ত্রাসী শেখ মোহাম্মদ আসলাম ওরফে সুইডেন আসলামকে গ্রেপ্তার দেখিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলার তদন্তে তার নাম আসায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে।

সোমবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।

তিনি বলেন, টিটন হত্যা মামলার তদন্তে সুইডেন আসলামের নাম উঠে এসেছে। এ কারণে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততা কতটুকু, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের মাধ্যমে বিষয়টি স্পষ্ট হবে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে।

সুইডেন আসলামের বিরুদ্ধে বিভিন্ন সময়ে একাধিক মামলা হয়েছে জানিয়ে ডিএমপির এই কর্মকর্তা বলেন, তার বিরুদ্ধে কিছু মামলা এখনো তদন্তাধীন। আবার কয়েকটি মামলায় পুলিশ প্রতিবেদন দাখিল করা হয়েছে। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে থাকা মামলাগুলো পর্যালোচনা করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

শীর্ষ সন্ত্রাসীদের ওপর গোয়েন্দা নজরদারির বিষয়ে জানতে চাইলে আকতার হোসেন বলেন, তাদের বিরুদ্ধে ডিএমপির গোয়েন্দা নজরদারি ও গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। নজরদারিতে রাখার অর্থ কাউকে ছেড়ে দেওয়া নয়; বরং এটি গ্রেপ্তার প্রক্রিয়ারই অংশ। সক্ষমতা অনুযায়ী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হচ্ছে।

এর আগে গত রোববার দিবাগত রাত আড়াইটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ সুইডেন আসলামকে আটক করে। পরে তাকে ডিবির কাছে হস্তান্তর করা হয়। থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।

এর আগে ডিএমপির তেজগাঁও গোয়েন্দা বিভাগের উপকমিশনার (ডিসি) জিয়াউদ্দিন আহম্মেদ সমকালকে জানিয়েছিলেন, সুইডেন আসলামকে গ্রেপ্তারের জন্য কয়েক দিন ধরে চেষ্টা চলছিল। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। থাইল্যান্ড হয়ে মালয়েশিয়া যাওয়ার পরিকল্পনা ছিল বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। বিষয়টি যাচাই করা হচ্ছে।

গত ২৮ এপ্রিল রাজধানীর নিউমার্কেট এলাকায় গুলি করে হত্যা করা হয় শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ ওরফে টিটনকে। তিনি আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের ভগ্নিপতি। এ ঘটনায় টিটনের ভাই নিউমার্কেট থানায় হত্যা মামলা করেন। হত্যাকাণ্ডের পর পুলিশ জানিয়েছিল, অপরাধজগতের আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে।
‎

আরও পড়ুন

×