জিয়াউল আহসানের মামলার সাফাই সাক্ষ্য শেষ, যুক্তিতর্ক মঙ্গলবার
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
আদালতে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান (ফাইল ফটো)
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬ | ২০:০৩ | আপডেট: ২২ নভেম্বর ২০২৬ | ২০:০৩
আওয়ামী লীগ শাসনামলে শতাধিক মানুষকে গুম ও হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিচার শেষ পর্যায়ে। রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। এখন অভিযোগের পক্ষে-বিপক্ষে যুক্তিতর্ক শুনবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মঙ্গলবার যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করা হয়েছে। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ রোববার এ দিন ধার্য করেন।
মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান নিরাপত্তাজনিত কারণে ট্রাইব্যুনালে সশরীরে হাজির না হয়ে ভার্চুয়ালি যুক্ত হন। রোববার তার পক্ষে সাফাই সাক্ষ্য দেন আইনজীবী তাসলিমা জাহান পপি। এ সময় মামলাসংক্রান্ত বিভিন্ন কাগজপত্র ও ভিডিও সাক্ষ্য উপস্থাপন করেন তিনি। সাফাই সাক্ষ্য শেষে তাকে জেরা করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। সাফাই সাক্ষ্য শেষে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য সময় চান প্রসিকিউশন। পরে মঙ্গলবার (২৪ নভেম্বর) দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
১৯ নভেম্বর মামলার ১৫তম ও শেষ সাক্ষী তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের জেরা শেষ হওয়ার মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এরপর আসামিপক্ষের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার সাফাই সাক্ষ্য গ্রহণ করা হয়। জিয়াউল আহসানের বিরুদ্ধে তিনটি সুনির্দিষ্ট অভিযোগ আনে প্রসিকিউশন।
প্রসিকিউটর তামিম যা বললেন
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তদন্ত চলছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বলেন, ইতোমধ্যে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক রায়ে উল্লেখ করা হয়েছে। বর্তমানে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তদন্ত চলছে। বিষয়টি শুধু একটি নির্দিষ্ট ঘটনা বা এলাকার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং সারা দেশের বিভিন্ন ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট হওয়ায় তদন্তের পরিধি ব্যাপক। দেশের ইতিহাসে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে দলীয় সত্তার ভিত্তিতে এ ধরনের মামলা আগে হয়নি। ফলে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ, যাচাই-বাছাই ও বিশ্লেষণে সময় লাগবে।