প্রেরণা
প্রতিটি ব্যর্থতা আমাদের চরিত্রকে গঠন করে
মারিয়া বোর্হেস
আরমান খান
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬ | ০৭:৪২
| প্রিন্ট সংস্করণ
মারিয়া বোর্হেস। আলোচিত অ্যাঙ্গোলান সুপারমডেল এবং উদ্যোক্তা। ভিক্টোরিয়া’স সিক্রেট ফ্যাশন শো-তে প্রথম কৃষ্ণাঙ্গ মডেল হিসেবে হেঁটে ইতিহাস গড়া এই সুপারমডেলের বিভিন্ন সাক্ষাৎকার থেকে অনুপ্রেরণার কথা তুলে এনেছেন আরমান খান
আমার জন্ম আফ্রিকার যুদ্ধবিদ্ধস্ত দেশ অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডায়; ২৮ অক্টোবর ১৯৯২ সালে। রক্তক্ষয়ী গৃহযুদ্ধের ভেতর ভাইবোনের সঙ্গে অন্য আট দশটা শিশুর মতোই আমার বেড়ে ওঠা। ২০১০ সালে ইন্টারন্যাশনাল মডেল ম্যানেজমেন্ট গ্রুপ ‘এলিট মডেল ম্যানেজমেন্ট’ আয়োজিত বার্ষিক ফ্যাশন ইভেন্ট ‘এলিট মডেল লুক’-এর অ্যাঙ্গোলান এডিশনে অংশ নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করি। এভাবেই ফ্যাশন মডেলিংয়ের রঙিন ভুবনে হাঁটা শুরু আমার। অবশ্য তার পরের বছরই ‘ফোর্ড সুপারমডেল অ্যাঙ্গোলা ২০১১’-এর সেরার
মুকুট পরি।
তাড়াহুড়োয় বিশ্বাসী নই
২০১২ সালে বিখ্যাত মডেল এজেন্সি ‘সুপ্রিম এজেন্সি’র সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে হাঁটা শুরু করি। ইতোমধ্যে বিশ্ববিখ্যাত ফ্যাশন ডিজাইনারদের শোতে প্রায় নিয়মিতই অংশ নিয়েছি। তবে আমি ক্যারিয়ারে তাড়াহুড়ায় বিশ্বাসী নই মোটেও। বরং ধীর পদক্ষেপে একটার পর একটা বাধা পেরিয়ে যাওয়াটাকেই গুরুত্বের সঙ্গে দেখি। পেশার প্রয়োজনে পৃথিবীর নামিদামি শহরে ঘুরে বেড়ালেও সময় পেলেই ছুটে যাই জন্ম শহরে, পরিবার-পরিজনের সঙ্গে কাটিয়ে আসি আবেগঘন মুহূর্ত।
শুরুটা মোটেও সহজ ছিল না
যদিও শুরুটা মোটেও সহজ ছিল না আমার। বাবা ধরেই নিয়েছিলেন এ পথে পাড়ি জমাতে গিয়ে মেয়েটি হয়তো অসুস্থ বিশ্বায়নের শিকার হয়ে যাবে! হয়তো পরিণত হবে মানব পাচারকারীদের টার্গেটে। নিজের দৃঢ়তা ও ব্যক্তিত্ব দিয়ে সেই সব প্রাথমিক বিপদসংকুল পথ বেশ ভালোভাবে সামলে এসেছি। বিশ্বখ্যাত ফ্যাশন ম্যাগাজিন ‘ভোগ’-এর প্রচ্ছদে জায়গা করে নেওয়াসহ একে একে সিআর ফ্যাশন বুক, হারপার’স বাজার, আই-ডি, ইন্টারভিউ, লাভ, ফিন্যান্সিয়াল টাইমস, মেরি ক্লেয়ার, নুমেরো, ট্যাঙ্ক, দি ওয়ানস টু ওয়াচ, ভ্যানিটি ফেয়ার, ভোগ ইউকের মতো বিশ্বখ্যাত ফ্যাশন ম্যাগাজিনে স্থান করে নিয়েছি। বিজ্ঞাপনের মডেল হয়েছি সি অ্যান্ড এ, গিভেন্সি, এইচ অ্যান্ড এম ও টমি হিলফিগারের ফ্যাশন প্রোডাক্টসহ বিশ্বের প্রায় সেরা সব কোম্পানির।
নিজের মতো থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ
অবসরে বন্ধুদের সঙ্গে হাসি-ঠাট্টায় সময় কাটাতে ভালোবাসলেও ব্যক্তিগতভাবে খুব সহজ-স্বাভাবিক জীবন কাটাই। চেষ্টা করি হাসিমুখ ধরে রাখার। নিজের স্বকীয়তা বজায় রেখে সবসময় কাজ করতে চাই। দিন শেষে আমাদের সবার কাছেই সৌন্দর্যের আলাদা আলাদা সংজ্ঞা রয়েছে, কিন্তু নিজের মতো থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
স্বপ্ন ও বৈচিত্র্যের শক্তি
আমি বৈচিত্র্যের সৌন্দর্যে বিশ্বাস করি এবং এই বার্তায় বিশ্বাস করি যে; শূন্য থেকে শুরু করা একটি মেয়েও আন্তর্জাতিক সৌন্দর্যের প্রতীক হয়ে উঠতে পারে। এটিই জীবন্ত প্রমাণ যে আমাদের স্বপ্নগুলো সত্যি এবং আমাদের ভবিষ্যৎও উজ্জ্বল হতে পারে। আমরা যেমন, ঠিক তেমনই নিজেদের গ্রহণ করতে হবে। নেতিবাচক শক্তিকে দূরে সরিয়ে রেখে যা আপনাকে ভালো অনুভব করায়, তাই করুন; কারণ যা আপনাকে ভালো রাখে, তাই আপনাকে সুন্দর করে তোলে।
লড়াই করে টিকে থাকা
আপনাকে কেউ হেয় করছে? অবজ্ঞায় ছুঁড়ে ফেলছে? মনে রাখবেন, প্রতিটি ক্ষত থেকে তৈরি হয় একেকটি গল্প। প্রতিটি ব্যর্থতা আমাদের চরিত্রকে গঠন করে এবং প্রতিটি বিজয় আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের যাত্রা এখনও শেষ হয়নি। তাই আপনি যেখান থেকেই আসুন, কিংবা গায়ের রং যেমনই হোক না কেন, বড় স্বপ্ন দেখলে আপনি অনেক দূর যেতে পারবেন; এমনকি বাবা-মা ছাড়াও জীবনে নিজের অধিকারের জন্য লড়াই করে টিকে থাকতে পারবেন!
- বিষয় :
- প্রেরণার কথা