চিন্তার বিকাশে ‘রোবোমাস্টার’
নিজেদের রোবট নিয়ে প্রতিযোগিতায় শিক্ষার্থীরা ছবি: সংগ্রহ
ফয়সল আবদুল্লাহ
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬ | ০৭:৪০
| প্রিন্ট সংস্করণ
এ যেন যুদ্ধের ময়দান। একদিকে প্রতিপক্ষকে লক্ষ্য করে এগিয়ে যাচ্ছে রোবট, অন্যদিকে চলছে নিখুঁত নিশানায় আঘাত হানার চেষ্টা। তবে বাস্তব যুদ্ধ নয়, প্রযুক্তি ও উদ্ভাবনের এক ব্যতিক্রমী প্রতিযোগিতা। দক্ষিণ চীনের শেনজেন শহরের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এভাবেই নিজেদের তৈরি রোবট নিয়ে অংশ নিচ্ছেন প্রতিযোগিতায়। প্রতিবছর শেনজেনে অনুষ্ঠিত হয় ‘রোবোমাস্টার’ প্রতিযোগিতা। অনেকেই একে বলেন ‘বাস্তবের ভিডিও গেম’। অনলাইন যুদ্ধভিত্তিক খেলার আদলে সাজানো এই প্রতিযোগিতায় একাধিক রোবটের দল মুখোমুখি হয়। প্রতিটি দল নিজেদের তৈরি যুদ্ধরোবট নিয়ে নামে প্রতিযোগিতার ময়দানে। রোবটগুলো চালান শিক্ষার্থীরাই। এগুলো কিছুটা রিমোট কন্ট্রোলারে চলে। কিছুটায় থাকে স্বয়ংক্রিয় প্রোগ্রামিং। এ দুয়ের সমন্বয়ে প্রতিপক্ষকে লক্ষ্য করে রোবটগুলো ছুড়ে মারে প্লাস্টিকের গুলি। আবার স্বয়ংক্রিয় দৃষ্টিনির্ভর প্রযুক্তির মাধ্যমে রোবটের ক্ষয়ক্ষতি ও কার্যক্ষমতার হিসাব তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হয়। ফলে প্রতিযোগিতার প্রতিটি মুহূর্তে প্রযুক্তির পাশাপাশি পরীক্ষা হয় কৌশলগত দক্ষতারও। প্রতিযোগিতার ময়দানে নামার আগে শুরু হয় শিক্ষার্থীদের আসল প্রস্তুতি। নিজেদের তৈরি রোবটগুলোকে বারবার পরীক্ষা করে নিতে হয়। ত্রুটি সারানো কিংবা প্রযুক্তির আপগ্রেডেশনে কোনো ছাড় নয়। প্রতিনিয়ত ভাবতে হয় প্রতিপক্ষকে মোকাবিলার আরও কার্যকর কৌশল। সাধারণ ‘ইনফ্যান্ট্রি’ বা পদাতিক শ্রেণির রোবটের ক্ষেত্রে চলাচলের সক্ষমতাকে বিশেষ গুরুত্ব দিতে হয়। কারণ, মাঠের বিভিন্ন কাজ সম্পন্ন করা এবং বিশেষ সুবিধা বা শক্তিবর্ধক উপাদান সংগ্রহের জন্য রোবটের দ্রুত ও নিখুঁত চলাচল জরুরি। একই সঙ্গে উন্নত করতে হয় স্বয়ংক্রিয় লক্ষ্য নির্ধারণব্যবস্থা। এই প্রযুক্তির সাহায্যে রোবট নিজেই প্রতিপক্ষকে শনাক্ত করতে পারে এবং তার গতিবিধি অনুমান করে আঘাত হানার প্রস্তুতি নিতে পারে। শিক্ষার্থীদের তৈরি এসব যুদ্ধরোবটের মধ্যে দেখা মিলছে আধুনিক প্রযুক্তির নানা প্রয়োগ। যন্ত্রপ্রকৌশল, কৃত্রিম বুদ্ধিমত্তা, স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা এবং লক্ষ্য শনাক্তকরণ প্রযুক্তির সমন্বয়ে তৈরি হচ্ছে নতুন নতুন উদ্ভাবন। এসব প্রযুক্তি নিয়ে কাজ করতে করতেই চীনের এ তরুণ শিক্ষার্থীরা হয়ে উঠছেন ভবিষ্যতের প্রকৌশল ও উদ্ভাবনের কারিগর! সাউথ চায়না এগ্রিকালচালার ইউনিভার্সিটির দলের অধিনায়ক লিয়ান ওয়েইশেংয়ের জন্য এবারের প্রতিযোগিতা ছিল বিশেষ অভিজ্ঞতার। প্রথমবারের মতো দলের নেতৃত্ব দিয়েছেন তিনি। তাঁর নেতৃত্বে দলটি জায়গা করে নিয়েছে সেরা আটে। লিয়ান বলেন, ‘আমরা সেরা আটে জায়গা করে নিয়েছি। আমাদের দলের প্রতিটি ইউনিট বা রোবটের সক্ষমতার ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে।’ নতুন প্রযুক্তি বের করার দুর্বার আকর্ষণ, দলগত প্রচেষ্টা আর প্রতিযোগিতার চ্যালেঞ্জ–সব মিলিয়ে রোবোমাস্টার এখন কেবল রোবটের লড়াই নয়; তরুণদের চিন্তার বিকাশের অনন্য ক্ষেত্রও! শেনজেনের শিক্ষার্থীদের হাত ধরে এই প্রতিযোগিতার ময়দান থেকেই তৈরি হচ্ছে আগামীর প্রযুক্তির নতুন সম্ভাবনা। এই সম্ভাবনার পথে নিশ্চয়ই এগিয়ে যাবে বাংলার তরুণরাও!
- বিষয় :
- রোবট