মানবিক কাজে জেলা সদর থেকে প্রত্যন্ত অঞ্চলে
জেলা সদর থেকে পিরোজপুরের প্রত্যন্ত গ্রামে মানবিক কাজে ছুটে যান ‘এমিনেন্ট বয়েস ফাউন্ডেশন’-এর স্বেচ্ছাসেবকরা
সামিয়া রহমান
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫ | ০৭:২২
| প্রিন্ট সংস্করণ
নিয়াজ মোর্শেদ। বেড়ে ওঠা পিরোজপুর জেলা শহরে। পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিকে পড়ার সময় থেকে নেমে পড়েন মানবিক কাজে। শুরুতে পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও কাছের কিছু বন্ধুকে নিয়ে গড়ে তোলেন এমিনেন্ট বয়েজ মানবিক সংগঠন; যে সংগঠন গড়ে ওঠার কিছুদিনের মধ্যে জেলা সদরে ব্যাপক সাড়া ফেলে। এরই ফলে ২০০২ সালে মানবিক কাজের জন্য সরকারি সনদ লাভ করে স্বেচ্ছাসেবী সংগঠনটি।
সরকারি রেজিস্ট্রেশন পাওয়ার পরে প্রতিবছর বৃক্ষরোপণ, বর্ষাকালে ছাতা বিতরণ, শীতকালে শীতবস্ত্র বিতরণ, রমজানে খাদ্যসামগ্রী ও ইফতার বিতরণসহ বিভিন্ন মানবিক কাজ এমিনেন্ট বয়েজ করেছে। করোনার সময়ে এমিনেন্ট বয়েজ কমিটির সদস্যরা খাদ্যসামগ্রী, চাল, ডাল, তেল, শুকনো খাবার–চিড়া, মুড়ি, গুড়সহ মাস্ক, সাবান, জনসচেতনমূলক লিফলেট বিতরণ করেন। গড়ে তোলেন মানবিক এমিনেন্ট টিম।
সংগঠনটি গড়ে ওঠার সময়ে কেবল বন্ধুদের মধ্যে সীমাবদ্ধ থাকলেও দিন দিন এর সদস্য সংখ্যা বেড়ে ৫১ সদস্য বিশিষ্ট কমিটিতে দাঁড়িয়েছে। তরুণ ও যুবকদের সমন্বয়ে মানবিক কাজ করে যাচ্ছেন এমিনেন্টের নিঃস্বার্থ স্বেচ্ছাসেবীরা।
বেওয়ারিশ রোগী, রক্তদান, অসহায় রোগীর চিকিৎসা দেওয়াসহ বিভিন্ন সামাজিক উন্নয়নে কাজ করছেন তারা। এমিনেন্ট বয়েস ফাউন্ডেশনের মাধ্যমে তারা করোনার সময় থেকে এখন পর্যন্ত বিনামূল্যে অক্সিজেন সেবা দিয়ে যাচ্ছে। এমিনেন্ট বয়েজ ডিসেম্বরে বই উৎসব, শীতে পিঠা উৎসব, বর্ষায় বৃক্ষরোপণ করে। বর্ষায় নিম্ন আয়ের মানুষের মাঝে ছাতা বিতরণ করে, প্রতি স্কুলে এই সংগঠনটি মেডিকেল ক্যাম্প বসিয়ে রক্তের গ্রুপ নির্ণয় করে। প্রতিবছর বন্যায় পিরোজপুরের নিম্নাঞ্চল প্লাবিত হয়। সেখানেও এই এমিনেন্ট বয়েজ ত্রাণ নিয়ে হাজির হয়। অসহায় মানুষদের ব্যবসার জন্য দোকান ঘর, বসতঘর তৈরি করে।
নিজেদের কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে জাহিদুল হাকিম উপল বলেন, ‘স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের মানবিক কাজের চর্চায় মানবিক বাংলাদেশ গড়া সম্ভব। স্বপ্ন দেখি, দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের তরুণরা একযোগে মানবিক কাজ করবে। সেই লক্ষ্যে শুরু থেকেই আমরা কাজ করছি।’
এই তরুণদের হাত ধরেই এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ!
- বিষয় :
- মানবিক মর্যাদা
