ফেসবুক পোস্টে মিলল বেদে পরিবারের ঈদ উপহার
ত্রাণসমাগ্রী হাতে বেদে পরিবারের সদস্যরা
সমকাল ডেস্ক
প্রকাশ: ২৯ মার্চ ২০২৬ | ০৭:১৬
| প্রিন্ট সংস্করণ
অন্য আট-দশ দিনের মতো ঈদের দিনও তারা খেতেন সাধারণ খাবার। ঈদের আগে অনেকে সহায়তার কথা বলেও শেষ পর্যন্ত এগিয়ে আসেননি। এমন তথ্যের ভিত্তিতে বেলকুচি উপজেলার ক্ষিদ্রমাটিয়া যমুনা নদীর তীরে অস্থায়ী বেদেপল্লিতে বেলকুচি প্রেস ক্লাবের সবুজ সরকার, আবু মুসা, উজ্জ্বল অধিকারী, আব্দুর রাজ্জাক বাবু তথ্য সংগ্রহের জন্য যান। পরে বেদে পরিবারের ঈদ কেমন কাটতে পারে এমন ভিডিও ধারণ করে সাংবাদিক সবুজ সরকার তাঁর নিজের ফেসবুকে পোস্ট করলে সমাজকর্মী মামুন বিশ্বাসের নজরে আসে।
পরের দিন সকালে বেদেদের অস্থায়ী পল্লিতে ঈদ উপহারসামগ্রী নিয়ে হাজির হন মামুন বিশ্বাস। এ সময় ২২ বেদে পরিবারের মাঝে চাল, ডাল, সেমাই, তেল, মুরগি, দুধ, লাচ্ছা, পেঁয়াজ, আলুসহ মোট ১৮টি পদের খাদ্যসামগ্রী দেওয়া হয় এবং বেদের প্রতিটি পরিবারের সদস্যদের লুঙ্গি, পাঞ্জাবি, শাড়ি, শার্ট, প্যান্ট, নামাজের টুপি, থ্রি পিস তাদের হাতে তুলে দেওয়া হয়। এ ছাড়াও ৩৫০টি অসহায় পরিবারের মাঝে ৭ লাখ ২০ হাজার টাকার ‘ঈদ উপহার’ বিতরণ করে এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করা হয়।
সমাজকর্মী মামুন বিশ্বাস বলেন, ‘এই ২২ বেদে পরিবার ঈদে কোনো সহায়তা পায়নি ফেসবুকে এমন একটি ভিডিও নজরে এলে তাদের মুখে হাসি ফোটানোর জন্য উদ্যোগ নিই। ঈদের আনন্দ ভাগাভাগি করতে এই পরিবারগুলোর মাঝে দ্রুত ঈদ উপহার তুলে দেওয়া হয়। যারা অর্থ দিয়ে এই সব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞ।’
- বিষয় :
- ত্রাণ সামগ্রী
