ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আনন্দ স্কুলে ঈদের হাসি

আনন্দ স্কুলে ঈদের হাসি
×

রঙমহল ফর ইয়ুথ-এর আয়োজনে ঈদ উপহার সামগ্রী বিতরণ কর্মসূচিতে শিশুদের সঙ্গে স্বেচ্ছাসেবকরা

সমকাল ডেস্ক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬ | ০৭:১৭

| প্রিন্ট সংস্করণ

পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে শিশুর মুখে হাসি ফোটাতে রঙমহল ফর ইয়ুথ আয়োজন করে ‘ঈদ উপহার সামগ্রী বিতরণ কর্মসূচি’। সম্পূর্ণ জনঅংশগ্রহণের মাধ্যমে সংগৃহীত সহায়তা দিয়ে বাস্তবায়িত এই উদ্যোগে নির্ধারিত তালিকায় ছিল পঞ্চাশ জন শিশু। তবে ভালোবাসার পরিধি বাড়িয়ে শেষ পর্যন্ত ৫৮ জন শিশুর হাতে পৌঁছে দেওয়া হয় ঈদের উপহার। প্রতিটি শিশুকে দেওয়া হয় একটি করে ‘ঈদ উপহার বক্স’; যা তাদের কাছে হয়ে ওঠে নিজের ঈদের বাজারের মতো মূল্যবান। এই বক্সে ছিল সেমাই, দুধ, চাল, ডিম, তেল, নুডলসসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী এবং আনন্দকে আরও রঙিন করতে একটি করে মেহেদি। শিশুরা যখন এই উপহার বক্স হাতে পায়, তখন তাদের চোখেমুখে ফুটে ওঠে অনাবিল আনন্দ। অনেকেই প্রথমবারের মতো নিজের হাতে পেয়েছে নিজের ঈদের বাজার।
ঈদের দিন এই আনন্দকে আরও পূর্ণতা দিতে প্রতিটি শিশুকে দেওয়া হয় ঈদ সালামি বা ঈদ বখশিশ এবং একটি করে ভালোবাসার চিঠি, যেখানে চিত্রাঙ্কনের মাধ্যমে তাদের স্বপ্ন দেখতে উৎসাহিত করা হয় এবং জীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেওয়া হয়। ছোট এই উদ্যোগ শিশুদের মনে তৈরি করেছে আত্মবিশ্বাস, ভালোবাসা এবং নতুন করে স্বপ্ন দেখার সাহস। শুধু ঈদ নয়, রমজান মাসজুড়েই রঙমহল ফর ইয়ুথ ছিল শিশুদের পাশে। রোজার বাজার বিতরণ, ইফতারি আয়োজন এবং একসঙ্গে ইফতার করার মাধ্যমে তারা শিশুদের খাদ্য সহায়তা ও মানসিক আনন্দ নিশ্চিত করেছে। ফলে ঈদের এই আয়োজন ছিল একটি ধারাবাহিক মানবিক উদ্যোগেরই অংশ।
খুলনা নগরীর এক কোণে, সীমিত পরিসরের একটি ছোট কক্ষজুড়ে গড়ে উঠেছে বড় এক স্বপ্ন–রঙমহল ফর ইয়ুথের ‘আনন্দ স্কুল’। এখানে সুবিধাবঞ্চিত, পিছিয়ে পড়া ও পরিবারহীন শিশুদের জন্য তৈরি হয়েছে এক ভালোবাসার ঠিকানা, যেখানে শিক্ষা, মানবিকতা ও আশার আলো একসঙ্গে জ্বলে। ২০১৮ সাল থেকে রঙমহল ফর ইয়ুথ একটি যুব-নেতৃত্বাধীন সামাজিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে যাচ্ছে। তাদের কার্যক্রমের মূল ক্ষেত্র–শিশুদের শিক্ষা, যুব নেতৃত্ব উন্নয়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, মানব পাচার প্রতিরোধ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি। ‘আনন্দ স্কুল’ উদ্যোগের মাধ্যমে তারা নিয়মিতভাবে শিশুদের অপ্রাতিষ্ঠানিক শিক্ষা, বই-খাতা প্রদান, বিনামূল্যে খাবারের আয়োজন এবং জীবন দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে।
শিশু ও যুবকদের দীর্ঘমেয়াদি উন্নয়নের লক্ষ্যে সংগঠনটি গড়ে তুলেছে একটি বিশেষ উদ্যোগ–‘রঙমহল স্বপ্নভিত্তি তহবিল’। এই তহবিলের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছ থেকে ছোট-বড় যেকোনো ধরনের সহযোগিতা সংগ্রহ করা হয়, যা সম্পূর্ণভাবে ব্যয় করা হয় শিশু ও যুবকদের শিক্ষা, পুষ্টি, দক্ষতা উন্নয়ন এবং জীবনমান উন্নয়নের কাজে।
বর্তমানে রঙমহল ফর ইয়ুথের সঙ্গে সরাসরি ও পরোক্ষভাবে যুক্ত রয়েছে প্রায় ২১০ জন যুব স্বেচ্ছাসেবী, যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুল থেকে যুক্ত হয়ে কাজ করে যাচ্ছে। তাদের উদ্যোগে নিয়মিতভাবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে, যেখানে শিক্ষার্থীদের সামাজিক সচেতনতা বৃদ্ধি, নেতৃত্ব গড়ে তোলা এবং পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সামনে এগিয়ে আনার জন্য কাজ করা হচ্ছে।

আরও পড়ুন

×