বন্যাদুর্গত মানুষের পাশে ‘চা বন্ধু’
সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ‘চা বন্ধু’-এর ত্রাণসামগ্রী বিতরণ
রুবেল মিয়া নাহিদ
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬ | ০৭:৫৫
| প্রিন্ট সংস্করণ
দেশীয় মাইক্রো-ডোনেশন প্ল্যাটফর্ম ‘চা বন্ধু’। সাধারণ মানুষের ক্ষুদ্র অনুদানে দুর্গত এলাকায় চা, শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার কার্যক্রম নিয়ে এগিয়ে যাচ্ছে তরুণদের এই প্ল্যাটফর্ম। সম্প্রতি সিলেটের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে আলোচনায় এসেছে সংগঠনটি। সিলেটের বন্যায় বহু মানুষ ভয়াবহ দুর্ভোগের মধ্যে দিন পার করে। অনেক পরিবার ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে অবস্থান করে। তাদের জন্য জরুরি খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেয় ‘চা বন্ধু’।
স্ক্রিপ্টিস্ফিয়ার-এর উদ্যোগে গড়ে ওঠা ‘চা বন্ধু’ প্ল্যাটফর্মের মূল লক্ষ্য–মাত্র এক কাপ চায়ের সমমূল্যের অনুদানকে একত্র করে বৃহৎ মানবিক সহায়তায় রূপ দেওয়া। প্ল্যাটফর্মটির মাধ্যমে যে কেউ সহজেই বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে অনুদান দিতে পারেন। এছাড়া এককালীন অনুদানের পাশাপাশি নিয়মিত সহায়তার ব্যবস্থাও রয়েছে।
চা বন্ধুর প্রতিষ্ঠাতা ফজলে রাব্বি বলেন, ‘একটি ছোট অনুদানও একজন অসহায় মানুষের জন্য বড় সহায়তা হতে পারে। আমরা চাই, দেশের প্রতিটি মানুষ সহজভাবে মানবিক উদ্যোগে অংশগ্রহণ করুক এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানো সম্ভব হোক। আমরা আমাদের অনুদান কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা অনুসরণ করি। তাছাড়া যুক্ত করি স্থানীয় স্বেচ্ছাসেবকদের; যাদের মাধ্যমে খুব সহজেই দুর্গত মানুষের হাতে সহায়তা পৌঁছে দেওয়া হয়। ত্রাণ কার্যক্রমের পাশাপাশি আগামীতে চিকিৎসা সহায়তা, শিক্ষা, দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি, জরুরি চিকিৎসা ব্যয় এবং অন্যান্য মানবিক উদ্যোগেও কার্যক্রম পরিচালনা করা হবে।’
দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে সংগঠনের স্বেচ্ছাসেবকরা বলেন, মানবিক সংকটে সবার সম্মিলিত অংশগ্রহণই সবচেয়ে বড় শক্তি। তাই সামর্থ্য অনুযায়ী ক্ষুদ্র অনুদানের মাধ্যমে হলেও বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিলাম আমরা। মানুষ পাশে দাঁড়িয়েছে। এই ইতিবাচক চিন্তার মানুষদের নিয়েই আমরা বদলে দেব আগামীর বাংলাদেশ!
- বিষয় :
- বন্যা