ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

প্রেরণা

আত্মবিশ্বাসে গড়ুন জীবন

আত্মবিশ্বাসে   গড়ুন জীবন
×

নেইমার দ্য সিলভা সানতোস জুনিয়র ছবি : সংগ্রহ

ইমরান খান

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬ | ০৭:৩১

| প্রিন্ট সংস্করণ

নেইমার। পুরো নাম নেইমার দ্য সিলভা সানতোস জুনিয়র। ব্রাজিলের তারকা ফুটবলার। এই কিংবদন্তি ফুটবলারের বিভিন্ন সাক্ষাৎকার থেকে অনুপ্রেরণার কথা তুলে এনেছেন ইমরান খান

আমার জন্ম ১৯৯২ সালের ৫ ফেব্রুয়ারি, ব্রাজিলের সাও পাওলো রাজ্যের মোগি দাস ক্রুজেস শহরে। ব্রাজিলের খ্যাতনামা ক্লাব সান্তোসের যুব প্রকল্পে বেড়ে উঠেছি আমি। এ ক্লাবটির হয়ে পেশাদার ফুটবলে পা রাখি ১৭ বছর বয়সে। সান্তোসের হয়ে টানা পাউলিস্তা বা শীর্ষ লিগ জিতে ইউরোপিয়ান ক্লাবে খেলার সুযোগ পাই। অনেকে বলেন, ২০১১ সালে সান্তোসকে ৪৮ বছর পর লাতিন আমেরিকান ক্লাব ফুটবলের সেরা আসর কোপা লিবারোদোরেস জেতানোর পেছনে আমার ভূমিকা ছিল যথেষ্ট!

মেসির সঙ্গে...
২০১৩ সালে স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় পাঁচ বছরের চুক্তিতে যোগ দেওয়ার আগের দুই বছর জিতেছিলাম লাতিন আমেরিকার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার। ২০১৩-১৪ মৌসুমে লা লিগায় বার্সার হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে অভিষেক ঘটে আমার। বার্সার আক্রমণভাগে লিওনেল মেসি ও লুই সুয়ারেজের সঙ্গে জুটি বেঁধে আটটি শিরোপা জিতেছি আমরা। দুটি লা লিগা, তিনটি কোপা দেল রে, একটি করে চ্যাম্পিয়নস লিগ, সুপার কোপা ডিএসপানা ও ফিফা ক্লাব বিশ্বকাপ। এই যে সাফল্য; এর পেছনে রয়েছে আমার লড়াকু জীবন। মাঠের সঙ্গে মাঠের বাইরেও আমাকে জীবনের সঙ্গে করতে হয়েছে যুদ্ধ।

অসম্ভব বলে কিছু নেই!
আমি আসলে সবসময় স্বপ্ন দেখতাম এবং এর জন্যই যুদ্ধ করতাম। তাই তরুণদের বলতে পারি যে, স্বপ্ন দেখা কখনও থামাবেন না, কারণ স্বপ্নই মানুষকে বাঁচিয়ে রাখে। আমি সবসময় নিজের কাছে সৎ থাকি এবং যা বিশ্বাস করি তা অর্জনের জন্য শেষ পর্যন্ত লড়াই করি। আপনি যেখান থেকে আসুন না কেন, আপনার স্বপ্ন যদি বড় হয়, তবে কঠোর পরিশ্রমের মাধ্যমে তা ছোঁয়া সম্ভব। অসম্ভব বলে পৃথিবীতে কিছুই নেই!

সমালোচনা মোকাবিলা
আমাকে নিয়ে নানান ট্রল হয়েছে। নানান সমালোচনামূলক খবর প্রকাশিত হয়েছে এবং এখনও হচ্ছে। আমি আসলে এসবের তোয়াক্কা করি না! আপনাদের বলি, মানুষ আপনার সম্পর্কে কী ভাবছে তা নিয়ে পড়ে থাকবেন না। আপনার লক্ষ্য কী, কেবল সেদিকেই নজর দিন। আমি সমালোচকদের জবাব মুখে দিতে পছন্দ করি না; আমার পায়ের জাদু আর মাঠের পারফরম্যান্সই তাদের সেরা জবাব দেয়। ব্যর্থতা কিংবা চোট আমাকে বারবার থামিয়ে দিতে চেয়েছে। পারেনি! প্রতিবার পড়ে যাওয়ার পর আমি আরও শক্তিশালী হয়ে ফিরে আসার অনুপ্রেরণা পাই।

কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাস
জীবন চলার পথের দিকে একটু তাকালেই বুঝতে পারবেন কোনো কিছুই সহজে অর্জিত হয় না। করতে হয় কঠোর পরিশ্রম। প্রতিভার সঙ্গে যখন কঠোর পরিশ্রমের মিলন ঘটে, তখনই কেবল সাফল্য আসে। মাঠে বা জীবনের যেকোনো জায়গায় নামার আগে নিজের ওপর শতভাগ বিশ্বাস রাখুন। আপনি যদি নিজেকে বিশ্বাস না করেন, তবে অন্য কেউ আপনাকে বিশ্বাস করবে না। খ্যাতি লাভ করতে চাইলে আত্মবিশ্বাস আর নিজের সৃজনশীলতার জাদু দেখান। 

আরও পড়ুন

×