মানেন সম্পর্কের বিধি-নিষেধ?
সম্পর্ক হোক নির্মল... ছবি: সমকাল
ইয়াসিন মাসুম
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬ | ০৭:৫৬
| প্রিন্ট সংস্করণ
চলতি পথে পরিচয় হয় অনেকের সঙ্গে। এদের সঙ্গে আবার অনেক স্মৃতি। এই স্মৃতি জমে পাহাড় হয়ে ওঠে। সেই পাহাড়ের আড়াল থেকে হুট করে একজন উঁকি মেরে মনে ভাগ বসাতে চায়। অথচ আপনি আগেই আরেকটি মনের সঙ্গে চুক্তি সেরে রেখেছেন। হতে পারে যেই প্রস্তাবটা তেড়ে এসেছে আপনার দিকে সেই প্রস্তাবটার জন্য আপনি কখনও প্রস্তুত ছিলেন না। কিংবা এটিকে নিষেধ করতে গেলেও বাধতে পারে গণ্ডোগোল; কী করবেন? চলুন, জেনে নিই-
নীল নির্জনে: এমন একটা কাজের জন্য কেউ আপনাকে ডাকল। কিংবা কেউ আপনাকে প্রপোজ করল যে কিনা আপনার সবচেয়ে কাছের বন্ধু। কিংবা তাকে আপনি সেভাবে কখনোই ভাবেননি। এই ক্ষেত্রে আপনাকে বিব্রতকর অবস্থার মুখোমুখি হতে হয়। তাই বলে আপনি এই সম্পর্কটাকে আস্কারা দিয়ে যাবেন না। এ নিয়ে লুকোচুরি খেলারও দরকার নেই। সময় করে নির্জনে তাকে নিয়ে বসুন। বলুন, ‘আমি আসলে কখনোই তোমাকে নিয়ে এমন কিছু চিন্তা করিনি।’ অথবা বলুন, ‘এই বিষয়টার জন্য আমি এখনও প্রস্তুত নই।’
কর্মক্ষেত্রে বারণ: আপনি যদি পড়াশোনার পাশাপাশি কাজে জড়িয়ে পড়েন, সেই ক্ষেত্রে আপনার সহকর্মীদের সঙ্গে সম্পর্কের মাত্রা নির্ধারণ করুন। কর্মক্ষেত্রে কারও সঙ্গে সম্পর্কে জড়ানোটা আপনার জন্য ভুল সিদ্ধান্ত হতে পারে। কর্মক্ষেত্রে সম্পর্কে না জড়ানোই উত্তম।
বয়সের ব্যবধান: এমন কেউ আছে যার সঙ্গে আপনার বয়সের অনেক ব্যবধান, তবু সেই ব্যবধানে চোখ না রেখে সে যদি আপনাকে প্রস্তাব করে এবং তা যদি আপনাকে বিব্রত করে, তবে তাকে বলেই ফেলুন যে, ‘দুঃখিত।’
উটকো ঝামেলা: কিছু কিছু মানুষের সঙ্গে সম্পর্কে জড়ানো খুবই ঝামেলা মনে হতে পারে। যেমন–ছোট বোনের বান্ধবী, বড় ভাইয়ের বন্ধু, ক্লোজ বন্ধুর পুরোনো প্রেমিক-প্রেমিকা, আপনার প্রতিবেশীর কাজিন ইত্যাদি।
এদের সঙ্গে যে কোনো রকম সম্পর্কে জড়ানোর আগে ভালো করে ভেবে নিন। এ ছাড়া বিভিন্নভাবে আপনি সম্পর্ককে না বলতে পারেন। তবে কোনোভাবেই নিজেকে বড় করে তোলার চেষ্টা করবেন না। নমনীয়ভাবে অন্যের প্রস্তাব ফিরিয়ে দিন।
- বিষয় :
- সম্পর্ক