আয়োজন
প্যারেন্টস ওরিয়েন্টেশনে শিক্ষাবর্ষ শুরু
নিউ হরাইজন ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুল
স্কুলের শিক্ষকরা ডিজিটাল স্ক্রিন ও প্রেজেন্টেশনের মাধ্যমে নতুন শিক্ষাবর্ষের পাঠদান পদ্ধতি অভিভাবকদের সামনে তুলে ধরেন।
সাহস ডেস্ক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬ | ১১:৫৪
নতুন শিক্ষাবর্ষকে সামনে রেখে প্যারেন্টস ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করেছে নিউ হরাইজন ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুল। শিক্ষাবর্ষের শিক্ষা-পরিকল্পনা, পাঠ্যক্রম ও প্রাতিষ্ঠানিক লক্ষ্য সম্পর্কে অভিভাবকদের বিস্তারিত ধারণা দিতে সম্প্রতি এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিভাবকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিশুদের সুন্দর ও সুশিক্ষিত ভবিষ্যৎ গড়ে তুলতে বিদ্যালয় ও অভিভাবকের যৌথ প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরাই ছিল এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
ওরিয়েন্টেশনে শিক্ষক-শিক্ষিকারা ডিজিটাল স্ক্রিন ও প্রেজেন্টেশনের মাধ্যমে নতুন শিক্ষাবর্ষের পাঠদান পদ্ধতি অভিভাবকদের সামনে তুলে ধরেন। গণিত, সঙ্গীত ও সংস্কৃতি এবং ভাষা শিক্ষাসহ বিভিন্ন বিষয় কীভাবে সহজ, কার্যকর ও আনন্দদায়ক উপায়ে শিক্ষার্থীদের শেখানো হবে, তা বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়।
এ সময় অভিভাবকেরা শিক্ষার্থীদের পাঠ্যবই ও বিভিন্ন শিক্ষাসামগ্রী ঘুরে দেখেন। পাশাপাশি বিদ্যালয়ের দেয়ালে প্রদর্শিত শিশুদের তৈরি বিভিন্ন হস্তশিল্পও পর্যবেক্ষণ করেন তারা।
অনুষ্ঠানের অংশ হিসেবে অভিভাবকদের পুরো স্কুল ক্যাম্পাস ঘুরে দেখার সুযোগ দেওয়া হয়। তারা বিদ্যালয়ের আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ক্লাসরুমসহ শিক্ষার্থীদের শেখা, সৃজনশীলতা এবং আবেগ ও অভিব্যক্তি প্রকাশে সহায়ক বিভিন্ন আয়োজন ঘুরে দেখেন।
নিউ হরাইজন ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল মারিয়াম নূর ইউনুস বলেন, পরিবার ও বিদ্যালয় যখন হাতে হাত রেখে কাজ করে, তখনই শিশুদের প্রতিভার শতভাগ বিকাশ সম্ভব। তিনি বলেন, এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম কেবল একটি আনুষ্ঠানিক সভা নয়; বরং অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আস্থা, পারস্পরিক সহযোগিতা এবং নতুন স্বপ্নের একটি মজবুত মেলবন্ধন।
- বিষয় :
- স্কুলে ভর্তি
- শিক্ষাবর্ষ