আয়োজন
জ্যোতির্বিজ্ঞানকে জানা ও প্রতিভা প্রকাশের সুযোগ
ভিকারুননিসা নূন অ্যাস্ট্রোনোমি ক্লাবের উদ্যোগ
অ্যাস্ট্রোনোমিক্যাল অ্যাপোজি ২০২৬-এ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সেরাদের হাত সার্টিফিকেট ও সম্মাননা ছবি : ভিএনএসি
নোশিন আইমান
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬ | ০৭:৫৩
| প্রিন্ট সংস্করণ
১৭ থেকে ১৯ সেপ্টেম্বর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বেইলি রোড শাখায় অনুষ্ঠিত হয়ে গেলো তৃতীয় আন্তঃজ্যোতির্বিজ্ঞান অ্যাপোজি। বিভিন্ন স্কুল ও কলেজের প্রায় ৪ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানটি জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে জ্ঞান ও কৌতূহল বাড়ানোর একটি দারুণ সুযোগ হয়ে ওঠে।
কর্মশালার মাধ্যমে শুরু
অনুষ্ঠানের আগে তরুণ শিক্ষার্থীদের জ্যোতির্বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তুলতে বিভিন্ন কর্মশালার আয়োজন করা হয়। একইসঙ্গে, ইভেন্টের প্রচারণা ও স্পনসরশিপ নিশ্চিত করতে বিজ্ঞাপন বিভাগের সদস্যরা প্রায় এক মাস ধরে নিরলসভাবে কাজ করেন। বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্র্যান্ডে গিয়ে যোগাযোগ করা, ইভেন্টের প্রচার করা এবং স্পনসরদের সঙ্গে সমন্বয় করার মাধ্যমে তারা আয়োজনটির প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে করা এই দীর্ঘ প্রচেষ্টার ফলে ইভেন্টটি আরও বিস্তৃত পরিসরে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়।
সবার সম্মিলিত প্রচেষ্টা
কেবল বিজ্ঞাপন বিভাগের সদস্যরাই নন, অন্যান্য বিভাগগুলোর সদস্যরাও ইভেন্টের আগে প্রতিদিন অক্লান্ত পরিশ্রম করেছেন। গ্রাফিক, ইভেন্ট, রিফ্রেশমেন্টসহ প্রতিটি বিভাগ নিজেদের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছে। সবার সম্মিলিত প্রচেষ্টা, সময় ও পরিশ্রমের ফলেই তিন দিনব্যাপী এই আয়োজন সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে।
নিজেদের প্রতিভা প্রকাশের সুযোগ
মূল অনুষ্ঠানের উদ্বোধন হয় একটি সাংস্কৃতিক পর্বের মাধ্যমে, যেখানে আমিও পরিবেশন করার সুযোগ পাই। আমার জন্য এটি ছিল পুরো আয়োজনের একটি বিশেষ অভিজ্ঞতা। তিন দিনব্যাপী আয়োজনে বিভিন্ন কার্যক্রম ও প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা জ্যোতির্বিজ্ঞানকে আরও কাছ থেকে জানার এবং নিজেদের প্রতিভা প্রকাশের সুযোগ পায়।
সব স্কুল-কলেজে গড়ে উঠুক জ্যোতির্বিজ্ঞান ক্লাব
আমরা আশা করি, এই আয়োজন অন্যান্য স্কুল ও কলেজকেও জ্যোতির্বিজ্ঞান ক্লাব গড়ে তুলতে এবং এ ধরনের কার্যক্রমে যুক্ত হতে অনুপ্রাণিত করবে। ভবিষ্যতে আরও নিয়মিতভাবে এমন আয়োজন করার মাধ্যমে শিক্ষার্থীদের জ্যোতির্বিজ্ঞান ও মহাকাশ সম্পর্কে জানার সুযোগ করে দেওয়াই আমাদের প্রত্যাশা।
অনেকে বলেন, তরুণরা কিছুই করছে না; আমি এটা বিশ্বাস করি না। কারণ, এতো বড় একটা আয়োজন কেবল তরুণদের কারণে সম্ভব হয়েছে। পরিশেষে ধন্যবাদ জানাতে চাই দৈনিক সমকালকে। এই আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে থেকে শিক্ষার্থীদের উৎসাহ প্রদানের জন্য।
লেখক: মডারেটর, ভিকারুননিসা
নূন অ্যাস্ট্রোনোমি ক্লাব