নিসর্গপ্রেমী দ্বিজেন শর্মা সম্মাননা পেলেন ৪ ব্যক্তি-প্রতিষ্ঠান
শনিবার রাজধানীর বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে নিসর্গপ্রেমী দ্বিজেন শর্মা পুরস্কার ও সম্মাননা বিজয়ী চার ব্যক্তি-প্রতিষ্ঠানের হাতে তুলে দেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান -সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫ | ২৩:৪০ | আপডেট: ৩১ আগস্ট ২০২৫ | ০১:০৮
‘প্রকৃতিকে ভালোবাসি। সেই তাগিদেই গাছ লাগাই। তবে পুরস্কার পাব কখনও ভাবিনি। পুরস্কার পেয়ে এ কাজের আগ্রহ আরও বেড়ে গেল।’ কথাগুলো বলছিলেন ঝিনাইদহের আমিনুল ইসলাম। গতকাল শনিবার দ্বিজেন শর্মা পুরস্কার পাওয়ার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন।
এবার আমিনুল ইসলামসহ চার ব্যক্তি-প্রতিষ্ঠানকে নিসর্গপ্রেমী দ্বিজেন শর্মার নামে পুরস্কার ও সম্মাননা দেওয়া হয়েছে। বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এ আয়োজন করে ব্র্যাক ব্যাংক ও তরুপল্লব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তরুপল্লবের সাধারণ সম্পাদক মোকারম হোসেন। প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
তিনি বলেন, পরিবেশ রক্ষার সংগ্রাম শুধু নীতি বা কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়বদ্ধতা। নাগরিক সমাজ, সরকার ও বেসরকারি খাত একসঙ্গে কাজ করলেই একটি সবুজ ও টেকসই বাংলাদেশ গড়া সম্ভব।
উপদেষ্টা বলেন, জনগণের অব্যাহত অবদান দেশের প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং ভবিষ্যতেও রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার, ব্র্যাক ব্যাংকের ভাইস চেয়ারম্যান ফারুক মঈনউদ্দীন আহমেদ, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও (কারেন্ট চার্জ) তারেক রেফাত উল্লাহ খান এবং তরুপল্লবের সহসভাপতি শাহজাহান মৃধা বেনু।
পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদানের জন্য এবার চার ব্যক্তি-প্রতিষ্ঠানকে পদক দেওয়া হয়েছে। তাদের মধ্যে বৃক্ষসখা সম্মাননায় ভূষিত হয়েছেন ঝিনাইদহের আমিনুল ইসলাম, রাঙামাটির সবুজ চাকমা ও মিরসরাইয়ের প্রকল্প সোনাপাহাড়। জীববৈচিত্র্য পুরস্কার পেয়েছেন বাংলা একাডেমির জীবন সদস্য মিজানুর রহমান ভূঁইয়া।
খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে
ঢাকা উত্তর সিটি করপোরেশন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেন পরিবেশ উপদেষ্টা। তিনি বলেন, খাদ্য নিরাপত্তা, নিরাপদ খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে। এ জন্য যুগোপযোগী নীতি প্রণয়ন ও কার্যকর বাস্তবায়ন এখন সময়ের দাবি। ‘বাংলাদেশ সাসটেইনেবিলিটি কনক্লেভ ২০২৫’-এর উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকায় সুইডেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ও ডেপুটি হেড অব কো-অপারেশন নায়োকা মার্টিনেজ ব্যাকস্ট্রম, একশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির প্রমুখ।
- বিষয় :
- সন্মানী ভাতা
