শিল্পকলা
বিবেকের অন্বেষণে যাত্রাপালা
‘মৃত্যুর চোখে জল’ যাত্রাপালার একটি দৃশ্য। গতকাল শিল্পকলা একাডেমিতে- সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫ | ০৮:১৮ | আপডেট: ০২ ডিসেম্বর ২০২৫ | ০৯:০১
| প্রিন্ট সংস্করণ
প্রাচীন বাংলায় নাটক বলতে ছিল যাত্রাপালা। এসব নাটকে একটি চরিত্র থাকে বিবেক নামে। যাত্রায় যখন কেউ ভুল করে, তখন বিবেক তাকে সতর্ক করে। সেই বিবেকের অন্বেষণে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গতকাল সোমবার থেকে শুরু হয়েছে মাসব্যাপী যাত্রাপালা প্রদর্শনী।
উদ্বোধনী আয়োজনটি বসে জাতীয় নাট্যশালার মূল ফটকে, বিকেল ৫টায়। প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে উদ্বোধন করেন প্রদর্শনীর। সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন। বক্তব্য দেন একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন, নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক দীপক কুমার গোস্বামী এবং বাংলাদেশ যাত্রাশিল্প সমিতির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন।
সভাপতির বক্তব্যে মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন স্মরণ করেন যাত্রাশিল্পের নৈতিক ও সামাজিক ভূমিকাকে। তিনি বলেন, হাজার বছরের ঐতিহ্যের ধারক এই শিল্প শুধু বিনোদন নয়। এর ভেতরে থাকে শিক্ষার জ্বলন্ত আলো। যাত্রায় যখন রাজা বা নায়ক ভুল পথে যায়, তখন বিবেক নামে এক চরিত্র গান করে তাকে সৎ পথে ফিরিয়ে আনে। সমাজের অনাচার, দুর্বৃত্তায়ন, বৈষম্য ও মাদকাসক্তির বিরুদ্ধে যাত্রাশিল্প আজও বড় শক্তি।
বিজয়ের মাস ডিসেম্বরকে উদযাপন করতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় নিবন্ধিত যাত্রাদলগুলো অংশ নিচ্ছে এই আয়োজনে। প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। সংস্কৃতি সচিব মফিদুর রহমান বলেন, অন্তর্ভুক্তিমূলক সংস্কৃতিই আমাদের শক্তি। আমরা সেই পথেই এগোতে চাই।
উদ্বোধনী দিনে মঞ্চে ওঠে ‘মৃত্যুর চোখে জল’। খুলনার পাইকগাছার সূর্যতরুণ নাট্য সংস্থা মঞ্চায়ন করে পালাটি। পালাকার দেবেন্দ্রনাথ, পরিচালনায় প্রণব মণ্ডল এবং যাত্রাদলটির মালিক গোপাল বৈরাগী। অভিনয় করেন প্রণব মণ্ডল, নীপা রানী, দেবব্রত বাইনসহ অনেকে।
আজ মঙ্গলবার মঞ্চে প্রদর্শিত হবে নরসিংদীর শিবপুরের নিউ জহুরা অপেরার পালা ‘কাশেম মালার প্রেম’। এর পালাকার শামসুল হক, পরিচালনায় মোস্তাফিজুর রহমান। ক্রমে মঞ্চে উঠবে ‘সাগর ভাসা’, ‘চরিত্রহীন’, ‘অভাগিনী বধূ’, ‘আপন-দুলাল’, ‘গুনাই বিবি’, ‘আলোমতি প্রেমকুমার’, ‘সিরাজ উদ দৌলা’, ‘প্রতিমা বিসর্জন’, ‘প্রেমের সমাধি তীরে’, ‘জেনারেল ওসমানী’, ‘লালন ফকির’, ‘দেবী সুলতানা’, ‘জেল থেকে বলছি’, ‘বাহরাম বাদশা’সহ জনপ্রিয় সব যাত্রাপালা।
দর্শকদের জন্য টিকিটের মূল্য রাখা হয়েছে ১০০ টাকা। এ ছাড়া প্রতিদিন বিকেল ৫টা থেকে উন্মুক্ত প্রাঙ্গণে আয়োজন করা হচ্ছে দেশাত্মবোধক যাত্রাগানের কনসার্ট।
- বিষয় :
- শিল্পকলা
